ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

ষাট বসন্তের আলোকযাত্রা: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রজন্মের মহামিলনে চবির হীরকজয়ন্তী উদযাপিত

আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি; অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:১৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:১৯:২৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
ষাট বসন্তের আলোকযাত্রা: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রজন্মের মহামিলনে চবির হীরকজয়ন্তী উদযাপিত ছবি: প্রতিনিধি

আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।


হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।


শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে হীরকজয়ন্তীর কেক কাটা হয়।

সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।


ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ ও বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক। পাহাড়, সমুদ্র ও নদীবেষ্টিত প্রাকৃতিক পরিবেশ বিশ্ববিদ্যালয়টিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গবেষণা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।


প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনে অবদানের প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও গবেষণানির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এর অন্যতম স্বতন্ত্র পরিচয়। এটি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম নয়; বরং গান, কবিতা, বিতর্ক ও তারুণ্যের স্বপ্নেরও বাহক। গত ছয় দশকে এই বিশ্ববিদ্যালয় দেশকে বহু বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক, রাজনীতিবিদ ও সমাজসেবী উপহার দিয়েছে।


সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হীরকজয়ন্তী কেবল অতীতের অর্জন স্মরণের উপলক্ষ নয়; বরং অতীতের অভিজ্ঞতা, বর্তমানের মূল্যায়ন এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের সময়।


 আগামী ৭৫ ও ১০০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের অতীত দিনের নানা ঘটনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দীর্ঘ ছয় দশকে বিশ্ববিদ্যালয়ের বিকাশের বিভিন্ন অধ্যায়।


দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। এতে শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য, প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


ছয় দশকের ঐতিহ্য ও অর্জনকে স্মরণ এবং ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।