রাজশাহীতে আমনের বাম্পার ফলন, ৩১ শতাংশ ধান কাটা শেষ
৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৫০০ টন
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৯:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৯:২৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫ বার পঠিত
সংগৃহীত ছবি
রাজশাহী জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিয়মিত তদারকিতে ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার ৩১ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন।
জেলায় সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে গোদাগাড়ী উপজেলায়। সেখানে ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এরপর তানোর উপজেলায় ২২ হাজার ৭১ হেক্টর এবং পবা উপজেলায় ৯ হাজার ১৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
এ ছাড়া পুঠিয়ায় ৭ হাজার ৩৯৫ হেক্টর, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫ হেক্টর, চারঘাটে ৫ হাজার ৪৫৯ হেক্টর, মোহনপুরে ৪ হাজার ১০০ হেক্টর, বাগমারায় ৩ হাজার ৭২৫ হেক্টর এবং বাঘায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। মহানগরীর মতিহার থানায় ২১ হেক্টর এবং বোয়ালিয়া থানায় ৯ হেক্টর জমিতে এ আবাদ করা হয়েছে।
জেলার বিভিন্ন মাঠে এখন পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ পুষিয়ে এবার লাভের আশা করছেন তাঁরা।
গোদাগাড়ী উপজেলার কৃষক মো. সাইদুল ইসলাম বলেন, এবার আবহাওয়া ভালো ছিল এবং রোগবালাইয়ের আক্রমণও তুলনামূলক কম হয়েছে। তাঁর জমিতে ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটা ও মাড়াই শুরু করেছেন তিনি। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে এবার আমন চাষে লাভ হবে বলে আশা করছেন।
তানোর উপজেলার কৃষক মো. সুমন বলেন, তাঁদের এলাকায় আমনের আবাদ বেশি হয়। এবার ফলনও ভালো হয়েছে। তবে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার বাসসকে বলেন, জেলায় ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান এবং ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ৩১ শতাংশ জমির ধান কাটা হয়েছে। হেক্টরপ্রতি গড়ে ৩ দশমিক ৮০ মেট্রিক টন ধান উৎপাদিত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকেরা জেলার সব আমন ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।