৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ, এখন পর্যটকদের আকর্ষণ
১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদের লাগানো শতাধিক খেজুরগাছ এখন কালীগঞ্জের অন্যতম আকর্ষণ। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:২৪:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:২৪:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
ছবি সংগৃহিত
এক কৃষকের শখের বশে লাগানো খেজুরগাছ এখন পরিণত হয়েছে দর্শনার্থীদের আকর্ষণীয় স্থানে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী সড়কের দুই পাশে সারি সারি শতাধিক খেজুরগাছ ঘিরে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। সবুজ ফসলের মাঠের মাঝে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিকেলে ছুটে আসছেন দর্শনার্থীরা।
জানা যায়, ১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদ শখ করে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেন। মূলত খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে গাছগুলো লাগালেও মাঠে কাজ করতে গিয়ে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল তার। সময়ের ব্যবধানে ছোট চারাগাছগুলো বিশাল আকার ধারণ করেছে। প্রায় চার দশক পর গাছগুলো এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
গত ৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলে করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সেখানে আসছেন। কেউ গাছের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে আঁকাবাঁকা পিচঢালা সড়ক ও দুই পাশের সারি সারি খেজুরগাছ মিলে তৈরি হয়েছে মনোরম পরিবেশ।
ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে জায়গাটি দেখতে এসেছেন। কালীগঞ্জ শহরের পাশে এত সুন্দর একটি স্থান রয়েছে, তা আগে জানতেন না। সুযোগ পেলেই আবার এখানে আসবেন।
নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে আসা শাওন জানান, বাড়ির কাছেই এমন সুন্দর জায়গা রয়েছে, আগে জানতেন না। বিস্তীর্ণ ফসলের মাঠ, আঁকাবাঁকা রাস্তা, সারি সারি খেজুরগাছ ও মৃদু বাতাস মিলিয়ে জায়গাটি সময় কাটানোর জন্য অসাধারণ।
গাছগুলোর মালিক হারুন অর রশিদ বলেন, প্রতিবছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখেন, তার চেয়ে বেশি মানুষকে দেন। এতে তিনি আনন্দ পান। বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি চলছে। কিছুদিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যায় আশপাশের এলাকার অনেকেই রস খেতে আসেন। তিনি নিজেই গাছ কেটে রস সংগ্রহ করেন এবং নির্ভেজাল গুড় তৈরি করেন।
একজন কৃষকের প্রায় চার দশক আগের ছোট্ট উদ্যোগ আজ খেজুরের রস ও গুড়ের উৎস হওয়ার পাশাপাশি মানুষের বিনোদন ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরতলা ও আনন্দবাগের মাঠে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছগুলো এখন যেন সময়ের সাক্ষী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।