অনাবৃষ্টি ও লবণাক্ততায় নোয়াখালীর হাজার হাজার হেক্টর জমির আমন ধান নষ্ট
পানির অভাবে ঝলসে গেছে ফসল, রোপা আমনে ফলন বিপর্যয়ের আশঙ্কা
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:৫৮:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:০২:০৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
ছবি সংগৃহিত
নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে অনাবৃষ্টি ও লবণাক্ততার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা আমন ধান। জেলার সুবর্ণচর, সদর, হাতিয়াসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার হেক্টর জমির ধানগাছ ঝলসে গেছে। পাশাপাশি সার সংকটের কারণে ফসলের ক্ষতি আরও বেড়েছে। এতে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার সদর উপজেলার নোয়াখালী ও ধর্মপুর ইউনিয়ন এবং সুবর্ণচরের চরওয়াপদা, চরজব্বার, চরবাটা ও আমান উল্যাহ ইউনিয়নের বিস্তীর্ণ জমির ধানগাছ শুকিয়ে গেছে। একই পরিস্থিতি বিরাজ করছে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলাতেও। অনেক স্থানে খেতের মাটি ফেটে গেছে।
সুবর্ণচরের কৃষকরা জানান, এ বছর কেউ পাঁচ একর, আবার কেউ সাত একর জমিতে রোপা আমন আবাদ করেছেন। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় জমিতে পানির সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে লবণাক্ততা ও সার সংকট যুক্ত হয়ে ফসল নষ্ট হয়েছে। কিছু জমিতে সেচ দিয়েও পর্যাপ্ত পানির অভাবে ধান রক্ষা করা সম্ভব হয়নি। আশপাশের খাল ও পুকুরেও পানি পাওয়া যাচ্ছে না।
কৃষকদের ভাষ্য, জুলাই মাসে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে আবাদ করা সম্ভব হয়নি। পরে ধানগাছে শিষ আসার সময় বৃষ্টি না হওয়ায় পানির অভাবে গাছ শুকিয়ে যায়। কিছু জমিতে গাছ দেখতে ভালো হলেও আশানুরূপ ফলন হয়নি।
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর জানান, চলতি বছর জেলায় ১ লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এ থেকে ৪ লাখ ৬৭ হাজার ৯৫০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে অনাবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ভবিষ্যতে পানির প্রাকৃতিক উৎস বাড়ানো এবং লবণসহিষ্ণু ধানের জাত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
নোয়াখালী অঞ্চল সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ. হা. মো. আমীর ফয়সল বলেন, পরিস্থিতি মোকাবিলায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, চাষপদ্ধতির পরিবর্তন এবং স্বল্প জীবনকাল ও লবণসহিষ্ণু ধানের জাত নির্বাচন জরুরি হয়ে উঠেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।