১১ বছর পর বন্ধ সরকারি টেলিহেলথ সেবা ১৬২৬৩, পুনরায় চালুর দাবি
প্রায় তিন কোটি কলের সেবা বন্ধ, সরকারের কাছে ১৬ কোটি টাকা পাওনার দাবি পরিচালনাকারী প্রতিষ্ঠানের
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৯:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৯:২৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬ বার পঠিত
ছবি সংগৃহিত
দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা সরকারি বিনা মূল্যের টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ রয়েছে। সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো এবং বকেয়া অর্থ পরিশোধ না করায় সেবাটি চালু রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি। এদিকে জনস্বার্থে স্বাস্থ্য বাতায়ন পুনরায় চালুর দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য বাতায়ন সেবা চালু হয়। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। সেবাটিতে তিন পালায় ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজ করতেন। তারা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।
স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. নিজাম উদ্দিন আহমেদ জানান, প্রায় ১১ বছর ধরে তারা এ সেবা পরিচালনা করছেন। বর্তমান সরকারের সময়ে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। তবে ওই সময় শেষ হওয়ার পর নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা সেবা পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়নি। ফলে গত বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে। অন্যদিকে প্রায় ১০০ জন চিকিৎসকের বেতন নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। এ জন্য ব্যাংকঋণ নিয়ে কর্মীদের বেতন দিতে হচ্ছে। চুক্তির মেয়াদ না বাড়ানো ও পাওনা অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়েছে। তবে স্বাস্থ্য বাতায়নের কার্যালয় এখনো চালু রয়েছে এবং সেখানে ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মী কর্মরত আছেন।
এদিকে স্বাস্থ্য বাতায়ন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিনেসিস হেলথের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী গত ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালককে চিঠি দিয়ে সেবাটি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। ওই দিন সন্ধ্যায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
স্বাস্থ্য বাতায়নে ফোন করে রোগীরা নিজেদের শারীরিক সমস্যার কথা জানাতেন। চিকিৎসকরা রোগের ইতিহাস ও উপসর্গ শুনে মৌখিক পরামর্শ দিতেন। প্রয়োজনে ই-প্রেসক্রিপশন পাঠানো এবং রোগের ধরন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হতো। চালুর পর থেকে এ সেবায় প্রায় তিন কোটি কলের উত্তর দেওয়া হয়েছে।
বিশেষ করে ২০২০ সালে করোনা মহামারির সময় স্বাস্থ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংক্রমণের ভয়ে হাসপাতালে যেতে অনিচ্ছুক মানুষ জ্বর, শ্বাসকষ্ট, করোনা পরীক্ষা ও অ্যাম্বুলেন্সসংক্রান্ত তথ্য জানতে ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতেন। স্বাস্থ্য বাতায়নের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এ সেবায় ১ কোটি ২৬ লাখ কল এসেছিল।
এদিকে স্বাস্থ্য বাতায়ন পুনরায় চালু এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।