চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার
বন্দর, বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে বড় পরিকল্পনা
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:৫২:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:৫২:০৯ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
সংগৃহীত ছবি
চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজও দ্রুত শুরু হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ-২০২৬) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
আমির খসরু বলেন, চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু তাঁর একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ অঞ্চলের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ শহরকে ঘিরে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ এবং পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন সুবিধাসহ পৃথক স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।
আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধার মাধ্যমে চট্টগ্রামসহ বাংলাদেশ ও পুরো অঞ্চলে পণ্য সরবরাহের সুযোগ তৈরি হবে।
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের পিএসএর সহযোগিতায় একটি বন্দর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তবে সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এসব বন্দরের গভীরতা ১৫ থেকে ২০ মিটার রাখার লক্ষ্য রয়েছে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
শিল্প ও বাণিজ্যের জন্য গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য একটি কোরীয় কোম্পানি কাজ শুরু করেছে। জাপানের একটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে। তবে চলমান সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, বিগত সরকারের লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা বহন করতে হচ্ছে। ব্যাংকিং খাত পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের উন্নয়ন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপও রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার বড় উন্নয়ন পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ধারণার ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়; রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষেরও এতে ভূমিকা রয়েছে।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।