কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন
বড় দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে গুরুত্ব দেওয়ার কথা জানালেন কমিশনের কর্মকর্তারা
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৯:২১:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৯:২১:১৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
সংগৃহীত ছবি
কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও কার্যকর ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চায় বর্তমান কমিশন। একই সঙ্গে বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কমিশন।
রোববার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এসব কথা বলেন।
দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এর মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার ইনভয়েস ও ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার হয়েছে।
তিনি বলেন, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির তুলনায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করেছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয়, যার সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংক জড়িত।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। পাশাপাশি ১ হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, কর্মকর্তাদের জন্য দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বাড়বে।
আলোচনা সভায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।