বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল
শেখ হাসিনার প্রত্যর্পণ ও গঙ্গার পানিচুক্তি নিয়েও প্রশ্নের বিস্তারিত জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:৩১:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:৩১:৪৫ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানিচুক্তি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো বিস্তারিত জবাব দেননি।
শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সহিংসতা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।
জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকুক, দেশটির সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার আগ্রহ ভারতের রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঘিরে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নাশকতার ঘটনা ঘটেছে।
এসব ঘটনার প্রসঙ্গে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাঁরা দেশের মানুষের স্বার্থ না দেখে সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে ভারতের অবস্থান জানতে চান। জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।
এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নতুন কোনো অগ্রগতি আছে কি না, তা-ও জানতে চান সাংবাদিকেরা। জয়সোয়াল জানান, এ বিষয়ে তাঁর জানা মতে নতুন কোনো তথ্য নেই।
ব্রিফিংয়ে গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। চুক্তি নবায়ন নিয়ে বিভিন্ন মহলের দাবি এবং দুই দেশের মধ্যে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা।
এ ছাড়া ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হয়। বৈঠকে কারিগরি আলোচনা হবে, নাকি চুক্তি নবায়ন নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত আসতে পারে—তা জানতে চান সাংবাদিকেরা। দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নিম্নপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে গঙ্গার পানিচুক্তি নবায়ন সম্ভব কি না, সে প্রশ্নও ওঠে।
এসব প্রশ্নের বিস্তারিত জবাব না দিয়ে জয়সোয়াল বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিসম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য যৌথ নদী কমিশনই প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কমিশনের।
তবে ঢাকায় অনুষ্ঠিতব্য জেআরসির বৈঠকের ধরন সম্পর্কে তাঁর জানা নেই বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের আগ্রহের কথা আবারও তুলে ধরেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।