ট্রেভি ঝরনায় কয়েন ছোড়া কমেছে কেন, নেপথ্যে দুই ইউরো প্রবেশমূল্য
রোমের বিখ্যাত ঝরনায় কয়েন সংগ্রহ কমে যাওয়ায় আর্থিক চাপে দাতব্য সংস্থা কারিতাস।
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:৩৩:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:৩৩:৫০ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি সংগৃহীত
পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া শুরু হওয়ার পর বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন সংগ্রহ কমেছে। এতে খাদ্যসহায়তা ও সমাজকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা দাতব্য সংস্থা কারিতাসের আয়েও প্রভাব পড়েছে।
ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতি পর্যটকদের কাছে বহুদিনের জনপ্রিয় ঐতিহ্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঝরনার দিকে পেছন ফিরে ডান হাতে কয়েন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে পানিতে ফেললে আবারও রোমে ফিরে আসা যায়। কেউ কেউ মনে করেন, এভাবে কয়েন ছুড়লে মনের ইচ্ছাও পূরণ হয়। তবে সাম্প্রতিক সময়ে এই রীতিতে ভাটা পড়েছে।
গত ফেব্রুয়ারি থেকে ট্রেভি ঝরনার জলাধারের কাছে যেতে পর্যটকদের দুই ইউরো প্রবেশমূল্য দিতে হচ্ছে। এরপর থেকে ঝরনায় কয়েন ছোড়ার পরিমাণ কমেছে। এতে প্রভাব পড়েছে রোমের দাতব্য সংস্থা কারিতাসের আয়ে। ঝরনা থেকে সংগ্রহ করা কয়েন দিয়ে সংস্থাটি খাদ্যসহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে।
কারিতাস সাধারণত বছরে ১৪ লাখ ইউরোর বেশি অর্থ সংগ্রহ করে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহ প্রায় দুই লাখ ইউরো কমেছে।
পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ, ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ এবং শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশমূল্য চালু করেছে রোম নগর কর্তৃপক্ষ।
কারিতাস রোমের পরিচালক জিউস্তিনো ত্রিনচিয়া ইতালির সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোকে বলেন, ঝরনার কাছে সরাসরি যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েন সংগ্রহ কমে থাকতে পারে। তবে এটিই একমাত্র কারণ নয়। নগদ অর্থের পরিবর্তে কার্ড ও মুঠোফোনে লেনদেনের প্রবণতা বাড়ায় পর্যটকদের কাছে খুচরা কয়েনও আগের তুলনায় কম থাকছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আসা পর্যটক এরিক ও প্যাটি জানান, তাঁদের ঝরনায় কয়েন ছোড়ার ইচ্ছা ছিল। কিন্তু সঙ্গে খুচরা পয়সা ছিল না। শুধু কয়েন ছোড়ার জন্য দুই ইউরো খরচ করে ঝরনার কাছে যাওয়ার আগ্রহও তাঁদের হয়নি। তাই দূর থেকেই ঝরনার সৌন্দর্য উপভোগ করে সন্তুষ্ট ছিলেন তাঁরা।
অস্ট্রেলিয়া থেকে আসা অ্যালান ও ইং অবশ্য প্রবেশমূল্য দিয়ে ঝরনার কাছে গিয়েছিলেন। কয়েন ছোড়ার ঐতিহ্য সম্পর্কে জানলেও তাঁরা তা করেননি। তাঁদের ভাষ্য, আশপাশে অন্য কাউকে কয়েন ছুড়তে না দেখে তাঁরাও উৎসাহ পাননি।
কারিতাসের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানান, চলতি বছরের কয়েন সংগ্রহের হিসাবের মধ্যে বিদেশি মুদ্রা অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত ঘাটতির পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে এ বিষয় নিয়ে রোম নগর কর্তৃপক্ষের সঙ্গে সংস্থাটির কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে। কারণ, প্রবেশমূল্য চালুর প্রথম মাসেই নগর কর্তৃপক্ষ আয় করেছে ৪ লাখ ৩৫ হাজার ১৯৪ ইউরো।
২০২৫ সালে ৪৪ লাখ পর্যটক ট্রেভি ঝরনা দেখতে গিয়েছিলেন। বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় সামলানোই প্রবেশমূল্য চালুর অন্যতম কারণ। ঝরনার কাছে পর্যটকদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের জন্য কর্মীরাও নিয়োজিত রয়েছেন। তাঁদের একজন নিকোলাস রোমেরো জানান, অনেক পর্যটকই কয়েন ছোড়ার জন্য তাঁর কাছে খুচরা পয়সা চান। আবার অনেকে এই ঐতিহ্য সম্পর্কে জানেন না।
ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতির উৎপত্তি প্রাচীনকালে জলদেবতাদের উদ্দেশে উপহার দেওয়ার প্রথা থেকে হয়েছে বলে মনে করা হয়। তবে ১৯৫৪ সালে মুক্তি পাওয়া হলিউডের রোমান্টিক চলচ্চিত্র ‘থ্রি কয়েনস ইন দ্য ফাউন্টেন’ এই ঐতিহ্যকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।