বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ?
উচ্চ সুদের হার ও ডলারের শক্তিশালী অবস্থানে চাপে স্বর্ণের বাজার, কমেছে বিনিয়োগ ও গয়নার চাহিদা
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৬:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:৪৬:১৩ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট, উচ্চ সুদের হার ও ডলারের শক্তিশালী অবস্থানকে দেখছেন বিশ্লেষকেরা। গত ২৩ অক্টোবর জুলাইয়ের পর প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বর্তমানে দাম প্রায় ৪ হাজার ৩০ ডলারের আশপাশে রয়েছে।
গত এক মাসে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে দাম কমেছে প্রায় ২৮ শতাংশ। ২০২৫ সালে ৬৪ শতাংশ মূল্যবৃদ্ধির পর স্বর্ণ ওই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
স্বর্ণের দরপতনের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট। চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মূল সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির রাখার পর গত সেপ্টেম্বরে তা ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছিল।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েল লিখেছেন, ফেড এবার সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট ০ দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াতে পারে।
টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েসের মতে, উচ্চ সুদের হারই স্বর্ণের দরপতনের প্রধান কারণ। তাঁর ব্যাখ্যা, স্বর্ণের সঙ্গে প্রচলিত মুদ্রার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। প্রকৃত সুদের হার বাড়লে স্বর্ণের তুলনায় ডলারের আকর্ষণ বাড়ে। তিনি বলেন, স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখতে সহায়তা করলেও এ থেকে কোনো সুদ পাওয়া যায় না।
ক্রেডিট মিউচুয়াল এএমের পোর্টফোলিও ম্যানেজার শার্লট পিউরনের মতে, দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড মূল্যস্ফীতির প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। এতে প্রকৃত সুদের হার আরও উঁচুতে উঠছে। পাশাপাশি ডলারের অস্থিরতাও স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত, জ্বালানির দাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাস বাজারে অস্থিরতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
জুপিটার গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডের পরিচালক নেড নেইলর-লেল্যান্ডও মনে করেন, স্বল্পমেয়াদি প্রকৃত সুদের হার বাড়ায় হেজ ফান্ড ও ট্রেডাররা স্বর্ণ থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছেন।
তহবিল প্রবাহের তথ্যেও চলতি বছর স্বর্ণের বাজারের অস্থিরতার চিত্র উঠে এসেছে। মর্নিংস্টারের তথ্যমতে, জানুয়ারিতে বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ এলেও মার্চে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়। এটি ২০২৬ সালের সর্বোচ্চ মাসিক তহবিল প্রত্যাহার। সব মিলিয়ে বছরের প্রথমার্ধে এ খাত থেকে নিট ৪ বিলিয়ন ডলার বেরিয়ে যায়।
অন্যদিকে, আগস্টে আর্থিক উদ্বেগ এবং মার্কিন ট্রেজারি বিভাগের ১৯ আগস্ট দীর্ঘমেয়াদি বন্ড কেনার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর ডলারের অবমূল্যায়নের আশঙ্কায় গোল্ড ইটিএফে রেকর্ড ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। সেপ্টেম্বরে স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমলেও এবং ফেড সুদের হার বাড়ালেও ইটিএফ বিনিয়োগকারীরা আরও ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বৈশ্বিক ইটিএফে স্বর্ণের মজুত ৭০ টনের বেশি বাড়লেও ফিউচার মার্কেটে বড় ধরনের বিক্রির চাপে দাম কমে যায়।
উচ্চমূল্যের কারণে সরাসরি স্বর্ণের চাহিদাও কমেছে। ডব্লিউজিসির তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গয়নার চাহিদা কমে ২৭৮ টনে দাঁড়িয়েছে, যা মহামারির পর সর্বনিম্ন এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম। ভারতে এ চাহিদা কমেছে ৬ শতাংশ। ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।
দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বাজারকে সমর্থন দিলেও চলতি বছর এ ক্রয় কিছুটা কমেছে। ডব্লিউজির তথ্য অনুযায়ী, তুরস্ক, রাশিয়া ও আজারবাইজানের ব্যাপক বিক্রির কারণে বছরের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৩৪৫ টন স্বর্ণ কিনেছে, যা ২০২২ সালের পর সর্বনিম্ন। তবে আগস্টে চীন, উজবেকিস্তান ও পোল্যান্ডের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩৯ টন স্বর্ণ কেনে।
ডব্লিউজিসির ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া ৭৬টি কেন্দ্রীয় ব্যাংকের ৮৯ শতাংশই মনে করে, আগামী ১২ মাসে বিশ্বে স্বর্ণের রিজার্ভ বাড়বে। রিক ডি লস রেয়েসের মতে, চীনের রিজার্ভে স্বর্ণের অংশ এখনো ১০ শতাংশের কম। অথচ উন্নত অর্থনীতির দেশগুলোতে এ হার প্রায় ৩০ শতাংশ। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় দীর্ঘ সময় ধরে স্বর্ণের চাহিদাকে সমর্থন দিতে পারে।
তবে নেড নেইলর-লেল্যান্ডের মত ভিন্ন। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার সঙ্গে বাজারদরের ওঠানামার সরাসরি সম্পর্ক নেই। প্রতিদিন বিশ্ববাজারে ৫০০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়। তাঁর ব্যাখ্যা, এ বাজারে দাম মূলত সিন্থেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়, সরাসরি স্বর্ণ কেনাবেচার ওপর নির্ভর করে নয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।