কেরানীগঞ্জে ৩ হাজার একরজুড়ে নতুন শহর গড়ার উদ্যোগ সরকারের
ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পাশে পরিকল্পিত আবাসন গড়ার সম্ভাব্যতা যাচাই করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০২:৪৯:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০২:৪৯:০৭ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার আবাসন ও জনসংখ্যার চাপ কমাতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসহ পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তুলে ঢাকার কেন্দ্রীয় অংশের বাইরে বসবাসের বিকল্প ব্যবস্থা তৈরিই এ উদ্যোগের লক্ষ্য।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করে নতুন শহর গড়ে তোলা হলে ঢাকার মূল এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। পাশাপাশি রাজধানীর আশপাশে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিত জনবসতি গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলাতিয়া, তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকায় প্রকল্পের জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
তিনি জানান, নতুন শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সমন্বয় রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগব্যবস্থার সমন্বয়ে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানান মনদীপ ঘরাই। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা তৈরির পর প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। এখনো কতটি আবাসন নির্মাণ করা হবে, ব্যয় কত হবে কিংবা বাস্তবায়নে কত সময় লাগবে, তা চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ঢাকার আবাসনসংকট মোকাবিলায় আশপাশের এলাকায় নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় না করেই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানান, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সব শ্রেণির মানুষের জন্য নাগরিক সুবিধাসম্পন্ন নিরাপদ আবাসিক কমিউনিটি গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।
জাগৃকের নথি অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় কেরানীগঞ্জে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি গত ১৬ এপ্রিল প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে।
প্রস্তাবিত এলাকাটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর নিয়ে বিস্তৃত। এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশের বড় একটি এলাকা এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব কৃষিজমির বিভিন্ন স্থানে আবাসন প্রতিষ্ঠানের বিলবোর্ডও দেখা গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের প্রস্তাবিত সড়ক রয়েছে। এ সড়ক বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার কথা। প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। পরিকল্পিত শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমির প্রয়োজন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাগৃকের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাজধানীর আবাসন চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাগৃকের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রকল্পের জন্য জমির তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহ করে ল্যান্ড ব্যাংক তৈরির কাজও চলছে। নতুন আবাসন প্রকল্পে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল নির্মাণ, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।