ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ওপেক ছাড়তে ইরাক-ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ, বাড়ছে জোটের সংকট

সদস্যপদ ফি পরিশোধেও বাধার মুখে ভেনেজুয়েলা; উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনায় ওপেকের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ওপেক ছাড়তে ইরাক-ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ, বাড়ছে জোটের সংকট ছবি: সংগৃহীত

ইরাক ও ভেনেজুয়েলাকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে জোটটির বার্ষিক সদস্যপদ ফি পরিশোধেও বাধা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে দুটি দেশকে লক্ষ্য করে নেওয়া যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের তথ্য আগে প্রকাশ্যে আসেনি। দীর্ঘদিন ধরেই ওপেকের সমালোচনা করে আসছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, জোটটি তেলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, ওই সময়ে মার্কিন কর্মকর্তারা ইরাক ও ভেনেজুয়েলাকে তেল উৎপাদন এবং বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, ওপেকের উৎপাদন নিয়ন্ত্রণব্যবস্থা এসব পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে।


ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ এতটাই বেড়েছিল যে চলতি বছরের গ্রীষ্মে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। তাঁর মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে আর চাপ না দিতে সম্মত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি।


অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি চলতি বছরের গ্রীষ্মে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এক সরকারি বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনা উত্থাপন করেন। তবে দেশটির তেল মন্ত্রণালয় তাঁকে জোটে থাকার পরামর্শ দেয়। একই সঙ্গে প্রয়োজনে ওপেকের কাছে উৎপাদন কোটা বাড়ানোর দাবি জানানোর কথাও বলা হয়।


গত জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরাকের তেল বিক্রির অর্থ এখনো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে জমা হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এ ব্যবস্থা চালু করা হয়েছিল।


ভেনেজুয়েলার সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি কোনো জবাব দেয়নি। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, নিম্নপর্যায়ের মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ওপেক ছাড়ার বিষয়টি আলোচনা করে থাকতে পারেন। তবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় বিষয়টি স্থান পায়নি। ইরাকের সঙ্গে আলোচনায় ওপেক ছাড়ার বিষয় ছিল না; বরং দেশটির জ্বালানি অবকাঠামোর উন্নয়ন, তেল উৎপাদন ও পরিবহন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। এ বিষয়ে ওপেক এবং ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরবের সরকার কোনো মন্তব্য করেনি।


১৯৬০ সালে বাগদাদে ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনেজুয়েলার উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটটির সদস্য দেশ ১১টি। পরবর্তী সময়ে রাশিয়াসহ কয়েকটি দেশকে নিয়ে ওপেক প্লাস জোটও গঠন করা হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়ায় আন্তর্জাতিক তেলবাজারে ওপেকের অন্যতম প্রতিদ্বন্দ্বী। ট্রাম্প দীর্ঘদিন ধরে সংগঠনটিকে কার্টেল ও একচেটিয়া ব্যবসায়িক জোট হিসেবে সমালোচনা করে আসছেন।


ওপেকের বার্ষিক সদস্যপদ ফি প্রায় ২৮ লাখ ইউরো বা ৩০ লাখ ৮০ হাজার ডলার। এ অর্থ দিয়ে ভিয়েনায় সংগঠনটির সচিবালয়ের কর্মীদের বেতন, গবেষণা ও ভ্রমণ ব্যয় নির্বাহ করা হয়। ভেনেজুয়েলার এই অর্থ আরও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা যেতে পারে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল। তবে সদস্যপদ ফি পরিশোধ না করায় দেশটিকে জোট থেকে বহিষ্কারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওপেকের দুটি সূত্র।


চলতি বছরের শুরুতে উৎপাদনসীমা নিয়ে অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দেয়। এর আগে ২০২৪ সালে অ্যাঙ্গোলা, ২০২০ সালে ইকুয়েডর এবং ২০১৯ সালে কাতার জোটটি ছেড়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আলপাইন ম্যাক্রোর প্রধান ভূরাজনৈতিক কৌশলবিদ ড্যান আলামারিউ বলেছেন, ওপেকের ভাঙনের ঝুঁকি বাড়ছে।


এদিকে, উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ভেনেজুয়েলা। বর্তমানে ওপেক প্লাসের উৎপাদন কোটা থেকে ছাড় পাওয়া দেশটির তেল উৎপাদন নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে অতীতের সর্বোচ্চ অবস্থান থেকে অনেক কমে গেছে। গত সেপ্টেম্বরে দেশটি দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ আগামী বছরের শেষ নাগাদ উৎপাদন বাড়িয়ে দৈনিক ১৫ লাখ ব্যারেলে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।


২০১৭-১৮ সালে ভেনেজুয়েলার উৎপাদন কোটা ছিল দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল। উৎপাদন ওই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত দেশটির আবারও কোটা ব্যবস্থায় ফেরার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।


ইরাকের ক্ষমতাসীন জোটের কয়েকটি অংশও ওপেক ও ওপেক প্লাস ছাড়ার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের ধারণা, জোট দুটি মূলত সৌদি আরব ও রাশিয়ার প্রভাবেই পরিচালিত হয়। তবে ইরাককে সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।


এ বছর ইরাকের সরকারে ইরানের প্রভাব কমাতে ব্যর্থ হলে দেশটিকে তেল বিক্রির আয় থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে গত জুলাইয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাবরক্ষণ দপ্তর। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই অর্থ ভেনেজুয়েলার জনগণের প্রয়োজন, সরকারি কর্মীদের বেতন এবং জরুরি সেবা খাতে ব্যয় করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।