ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষায় বরাদ্দ বাড়ানোকে মানবসম্পদ গড়ার বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান মাহ্দী আমিনের

শিক্ষার লক্ষ্য ভালো মানুষ ও দক্ষ কর্মী তৈরি; জিডিপির ৫ শতাংশে শিক্ষা বরাদ্দ নেওয়ার পরিকল্পনা সরকারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৩:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৩:২৫:১৯ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
শিক্ষায় বরাদ্দ বাড়ানোকে মানবসম্পদ গড়ার বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান মাহ্দী আমিনের ছবি: সংগৃহীত

শিক্ষা খাতের বরাদ্দকে ব্যয় নয়, বরং দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিক্ষার মাধ্যমে একদিকে ভালো মানুষ, অন্যদিকে কর্মদক্ষ ও স্বনির্ভর জনগোষ্ঠী তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবেও বক্তব্য দেন মাহ্দী আমিন।


তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে সাধারণ ও শ্রমজীবী মানুষের জীবনমান পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ২০১১ সাল থেকে প্রায় দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং শিক্ষা খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও নীতিমালা দেখার সুযোগ পেয়েছেন। এখন সেসব পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারছেন। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকেই স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রী বহু বছর ধরে তুলে ধরছেন বলেও জানান তিনি।


শিক্ষার দুটি প্রধান লক্ষ্য ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, প্রথমটি হলো সামাজিক ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মানবিক নাগরিক তৈরি করা, যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। দ্বিতীয়টি হলো শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ মানুষ—দুই ধরনের সক্ষমতাই গড়ে তুলতে চায় সরকার।


শিক্ষাক্রমে নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতিতে নিরপেক্ষতা নিশ্চিত করার কাজ চলছে।


শিক্ষা বাজেট নিয়ে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জিডিপির ৫ শতাংশে শিক্ষা খাতের বরাদ্দ উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনের পথে প্রথম বছরেই বরাদ্দ প্রায় ২ শতাংশে নেওয়া হয়েছে বলে জানান তিনি।


শিক্ষা খাতে বড় অবকাঠামো নির্মাণের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।


গণমাধ্যমকে রাষ্ট্রের দর্পণ হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে সাংবাদিকদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়ন ও ছড়িয়ে দিতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান।


শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন মাহ্দী আমিন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে শিক্ষা খাত নিয়ে কাজ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা রয়েছে। তাই প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও ভিন্নমত তুলে ধরে নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


ইরাবের সদস্যদের সঙ্গে পেশাগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সংগঠনটির অনেক সদস্যের সঙ্গে আগেও মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আলোচনা আরও বাড়ানোর চেষ্টা করবেন। নতুন কমিটি শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান এবং নূর মোহাম্মদসহ সংগঠনের সদস্যরা।


উল্লেখ্য, শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সামগ্রিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে ইরাব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।