ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা ও খুলনা বিভাগের ২ লাখ ৬৯ হাজার কৃষক পাবেন ৬৭ কোটি ২০ লাখ টাকার সহায়তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৮:৩৪ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংগৃহীত ছবি

কৃষক কার্ড কর্মসূচির পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। তাঁদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে।


কৃষি মন্ত্রণালয়ের এ কর্মসূচির আওতায় জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে আইবাসের মাধ্যমে ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।


এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে।


কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।


দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে কর্মসূচিটি বাস্তবায়িত হবে।


চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ৩৯ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রায় ৯৭০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহে সব উপজেলায় সংশ্লিষ্ট কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।


কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। এ ছাড়া প্রায় ১৬ লাখ ৫৬২ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।


এর আগে ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়।


পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭ উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।


বর্তমান পর্যায়ে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ড দেওয়া হবে। কর্মসূচিতে প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংককে যুক্ত করা হয়েছে।


কার্ড মুদ্রণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সব কৃষকের মধ্যে তা বিতরণ করা হবে। তবে এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত কৃষকেরা কার্ড হাতে না পেলেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে অর্থ তুলতে পারবেন। ওই অর্থ দিয়ে শুধু কৃষি উপকরণ কেনা যাবে। উপকরণ কেনার পর প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়ে রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা কৃষি অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।


কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ এবং স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এ ছাড়া মোবাইল ফোনে ফসলের বালাই ব্যবস্থাপনা, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য, কৃষি প্রশিক্ষণ, কৃষিবিমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধাও এ কর্মসূচির আওতায় দেওয়ার কথা রয়েছে।


তথ্য সংগ্রহের সময় প্রকৃত কৃষক শনাক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, কার্ড মুদ্রণ ও বিতরণ এবং অন্যান্য সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ভুল তথ্য দিয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারেন এবং প্রকৃত কৃষক যাতে বঞ্চিত না হন, সে বিষয়েও সতর্কতা নেওয়া হয়েছে।


কৃষক কার্ড বর্তমান ক্ষমতাসীন দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পরপরই এ কর্মসূচির কাজ শুরু হয়। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। এতে প্রকৃত কৃষক শনাক্ত করা, সরাসরি উপকারভোগীর কাছে সরকারি সহায়তা পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।


কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এর ফলে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় প্রবেশ করবে।


তিনি বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষিকে স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।


কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যবস্থা চালু করতেই কৃষক কার্ড কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ফসল উৎপাদনের প্রয়োজনীয় সেবা পাবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।