জাতিসংঘের বৈশ্বিক এআই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের দল
৩৭ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন, ডিজিটাল বাণিজ্য আইন বিশ্লেষণে তৈরি করেছে নিজস্ব এআই প্ল্যাটফর্ম।
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪০:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪০:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
ছবি সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের চার সদস্যের দল ‘zAI BD’। ৩৭টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিচালনাধীন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (BdREN) চারজন কর্মী নিয়ে গঠিত দলটি তৈরি করেছে ‘ClauseChain’ নামের একটি ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম। এটি সরকারি পোর্টাল ও গেজেট থেকে ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করতে সক্ষম। প্ল্যাটফর্মটি ১১টি দেশের ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা বিশ্লেষণ করতে পারে।
দলটির নেতৃত্ব দেন আবু নাসের মোহাম্মদ নাফিউল। অন্য সদস্যরা হলেন পুনম চৌধুরী, মো. সানিউল বাসির সাজ ও মো. ইনসাফুল রহমান তুষার। দেশীয় প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করে তৈরি এই উদ্ভাবন বাংলাদেশের এআই গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন সম্ভাবনা তুলে ধরেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাও প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।