প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ জনের চাকরি, আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরা
আউটসোর্সিং প্রক্রিয়ায় ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে, আবেদন শেষ ২৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টায়
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১০:২৭:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১০:২৭:২৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি—সংগৃহীত
প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১৭টি পদে মোট ২২১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সারণি-ক-এর আওতায় সাভার ও রাজশাহীর কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানে ১০২ জন ষাঁড় রক্ষক এবং ৭৩ জন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।
সারণি-খ-এর আওতায় কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহীতে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে ২ জন ইলেকট্রিশিয়ান, ২ জন পাম্প ড্রাইভার, ২ জন প্লাম্বার, ৪ জন নিরাপত্তা প্রহরী, ৪ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২ জন মালি নেওয়া হবে।
এ ছাড়া সারণি-গ-এর আওতায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোনা ও ডুমুরিয়া, খুলনায় ১০ জন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ২ জন হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক), ২ জন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা), ২ জন মালি, ২ জন বাবুর্চি, ২ জন সহকারী বাবুর্চি, ৪ জন নিরাপত্তা প্রহরী এবং ৬ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে সব পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন পাঠানোর ঠিকানা হলো উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্ত জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।