পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের
চীনে পুতিনের সঙ্গে আলোচনায় ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধের কথা বলেছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৪২:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৪২:১৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনে পুতিনের সঙ্গে আলোচনার সময় বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি শান্তিচুক্তি সম্পাদনের আশাও প্রকাশ করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের লাইভ প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য তুলে ধরেছে।
ট্রাম্প জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আগের রাতে তার আলোচনার পর তিনি এ বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন। চীনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে পুতিনের সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ দেখতে চান- এ বিষয়টি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছেন।
তবে ‘ইউরোপের বিভিন্ন ভূখণ্ড’ বলতে ঠিক কোন কোন অঞ্চলকে বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদেশগুলো রাশিয়াকে ঘিরে একাধিক নিরাপত্তা ঘটনার মুখোমুখি হচ্ছে। এস্তোনিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মতো দেশগুলোতে রাশিয়ার সংশ্লিষ্টতায় বিভিন্ন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক তৎপরতা বন্ধের কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, তার এই আহ্বানের উদ্দেশ্য হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তির পথ তৈরি করা। তিনি মনে করেন, এমন সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প বলেন, প্রতি মাসেই হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। তার ভাষায়, এটি একটি ‘সম্পূর্ণ রক্তক্ষয়ী হত্যাযজ্ঞ’। দ্রুত যুদ্ধ বন্ধের মাধ্যমে এই প্রাণহানি থামানো গেলে তা সংশ্লিষ্ট সবার জন্য বড় অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও ইউক্রেন যুদ্ধের বিস্তার ঠেকানো এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ট্রাম্প।
তার বক্তব্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে দিতে পারে।
তবে ট্রাম্পের এই আহ্বানে মস্কোর পক্ষ থেকে কী প্রতিক্রিয়া জানানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।