ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে ইসরায়েলের আনুষ্ঠানিক অনুমোদন
মৃত্যুদণ্ড আইন কার্যকরের উদ্যোগের মধ্যে শিন বেতের জিজ্ঞাসাবাদে নির্যাতন ও দায়মুক্তির চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থা পিসিএটিআই
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:৩০:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:৩০:২৭ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি সংগৃহীত
ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইসরায়েল নির্যাতনের ব্যবহারকে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক রূপ দিয়েছে বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) প্রকাশিত ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল’ (পিসিএটিআই) এর ওই প্রতিবেদনে জানানো হয়, জিজ্ঞাসাবাদের সময় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রিম অনুমোদন দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে নির্যাতনের বিবরণ দাপ্তরিক নথিতেও লিপিবদ্ধ থাকে। ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েল যখন নতুন একটি বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন কার্যকরের দিকে এগোচ্ছে, তখন এই চর্চা অপূরণীয় বিচারিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
গত এক দশকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের করা ৪২টি নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করেছে পিসিএটিআই। এতে দেখা গেছে, অভিযোগকারীদের তিন চতুর্থাংশের বেশি নির্যাতন বা অবৈধ পদ্ধতির মুখে স্বীকারোক্তি দিয়েছেন এবং প্রতি ১০ জনে একজন অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অপরাধমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছেন। পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, স্বীকারোক্তির বিষয়বস্তু সত্য হোক বা না হোক, ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে ইসরায়েলের আইনি ব্যবস্থা নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। ১৯৬২ সালের পর ইসরায়েলে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগের প্রেক্ষাপটে জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসেবে নির্যাতনের এই ব্যবহার বিশেষভাবে নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
পর্যালোচিত অভিযোগগুলোতে নির্যাতনের সবচেয়ে প্রচলিত ধরন ছিল চরমভাবে ঘুম থেকে বঞ্চিত করা। পাশাপাশি অর্ধেকের বেশি ক্ষেত্রে কষ্টকর শারীরিক অবস্থানে আটকে রাখা, মারধর, হুমকি এবং যৌন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া এক ফিলিস্তিনি আইনজীবীর ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সাড়ে ২৭ দিন বা ৬৬০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে তাঁকে ৫৫২ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যা দিনে গড়ে ২০ ঘণ্টা। এর মধ্যে একটি সেশন টানা প্রায় ৪৮ ঘণ্টা স্থায়ী হয় এবং বাকি ১০৮ ঘণ্টার কিছু সময় কাটে আদালতে যাওয়া ও আসার পথে। ১৯৯৯ সালের এক রায়ে ইসরায়েলের সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের ইচ্ছাকৃত পদ্ধতি হিসেবে ঘুম থেকে বঞ্চিত করা নিষিদ্ধ করলেও ওই সময়ে আদায় করা তথ্যের ভিত্তিতেই সেই আইনজীবীকে গুলিবর্ষণের হামলায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
শিন বেতের জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তকারী রাষ্ট্রীয় পরিদর্শক মাভতান ওই জিজ্ঞাসাবাদগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে বলে রায় দিয়েছেন। পিসিএটিআইয়ের তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে মাভতানের কাছে নির্যাতনের ১ হাজার ৬৮০টির বেশি অভিযোগ দায়ের করা হলেও একটিতেও কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হয়নি। বিচারিক প্রক্রিয়াতেও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের সাক্ষ্য খুব কমই গৃহীত হয়। একটি মামলায় নির্যাতনের মুখে এক বন্দির দেওয়া মিথ্যা স্বীকারোক্তিকে রাষ্ট্রপক্ষ প্রমাণ হিসেবে ব্যবহার করলেও পরে অপরাধের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ মেলায় ওই বন্দি মুক্তি পান। এমনকি বিরল যেসব ক্ষেত্রে আদালত নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি বাতিল করেন, সেখানেও সেই স্বীকারোক্তি থেকে প্রাপ্ত অন্যান্য তথ্য প্রমাণ হিসেবে ব্যবহারের সুযোগ ইসরায়েলি বিচারিক নজিরে রয়েছে।
জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও জীবন রক্ষাকারী তথ্য আদায়ের অজুহাতে ইসরায়েলের আইনি ব্যবস্থা নির্যাতনকে বিধিবদ্ধ করেছে বলে দাবি পিসিএটিআইয়ের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বা সামরিক জিজ্ঞাসাবাদের নামে শিন বেত কর্মকর্তারা ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে অভ্যন্তরীণ প্রক্রিয়ায় বন্দিদের ওপর নির্যাতন চালান। একটি তথাকথিত সংকীর্ণ ব্যতিক্রম এখন বিশাল আইনি ও প্রশাসনিক ব্যবস্থায় রূপ নিয়ে মূল নিষেধাজ্ঞাকেই গ্রাস করেছে। শিন বেতের ভেতরে ঠিক কতটি এমন জিজ্ঞাসাবাদ চালানো হয়, সে বিষয়ে জনসমক্ষে কোনো তথ্য নেই।
১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের ফাঁসির পর থেকে ইসরায়েলে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অঘোষিত স্থগিতাদেশ ছিল। তবে গত মার্চে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট একটি বৈষম্যমূলক আইন পাস করে, যেখানে প্রাণঘাতী হামলার দায়ে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু একই ধরনের অপরাধ করা ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। অধিকৃত পশ্চিম তীরের সামরিক আদালতে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড এখন নির্ধারিত শাস্তি। এছাড়া পৃথক এক আইনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা থেকে উদ্ভূত মামলাগুলোতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা একটি বিশেষ ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করেছেন, এই আইন কার্যকর করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। সারি বাশির মতে, পদ্ধতিগত সহিংসতায় কলুষিত কোনো ব্যবস্থায় মৃত্যুদণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর বন্দিশিবিরগুলোর অবস্থার আরও অবনতি ঘটেছে এবং কারারক্ষী ও সৈন্যদের দ্বারা মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি ও ধর্ষণের মতো সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ওই তারিখের পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল ১০টি ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচটিতে শারীরিক আঘাতের চিহ্ন এবং ছয়টিতে চিকিৎসা অবহেলার প্রমাণ পেয়েছে। এ বিষয়ে ইসরায়েল প্রিজন সার্ভিস দাবি করেছে, সব বন্দিকেই আইন অনুযায়ী আটক রাখা হয়েছে। তবে মন্তব্যের অনুরোধে শিন বেত এবং ইসরায়েলের বিচার মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।