ট্রাম্পের নতুন শুল্কে ক্ষুব্ধ ১৪ বাণিজ্য অংশীদার দেশ
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ব্রাজিলের
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:০০:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:০০:৪৭ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার যুক্তিতে স্থানীয় সময় বুধবার নতুন শুল্কের ঘোষণা দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আপত্তি ও ক্ষোভ জানিয়েছে বেশ কয়েকটি দেশ।
ব্রাজিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কের হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা ব্যবস্থাও নেওয়া হতে পারে। অন্যদিকে চীনের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অজুহাতে বাণিজ্যনীতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ওয়াশিংটন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও তাইওয়ানও নতুন শুল্কের উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। খবর আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।
নতুন শুল্কের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
ব্রাজিলের পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক উদ্যোগের বিরুদ্ধে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিল। দেশটির সরকার বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’ চলমান দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি।
ব্রাজিলের অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব এবং উড়োজাহাজের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগে ক্ষোভ জানিয়েছে দেশটি। এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্রাজিলের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের ক্ষতিগ্রস্ত হতে পারে।
চীনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে শুল্ক আরোপ
নতুন শুল্কের কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে চীন। দেশটির পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছু ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে মোট শুল্কের হার ৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কথিত সমস্যা বাস্তবে নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষের স্বার্থ রক্ষা করে না। সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এ সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।
ইইউর আপত্তি, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান
নতুন শুল্ক আরোপের ভিত্তি নিয়েও আপত্তি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি মেনে চলবে ওয়াশিংটন, এমন প্রত্যাশা করছে ইইউ।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল বলেন, বিশ্বজুড়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ অভিন্ন। এর বড় অংশই রাষ্ট্রীয় সহায়তার ওপর নির্ভরশীল। কয়েকটি দেশে এ সমস্যা রয়েছে। তবে সমস্যা মোকাবিলায় যৌথ উদ্যোগের ঘোষণা না আসায় ইইউ কিছুটা হতাশ। একই সঙ্গে ইউরোপেও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের যে অভিযোগ, তা প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতও। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি করতে তারা অঙ্গীকারবদ্ধ। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হলে দেশটির পণ্যে শুল্কের সর্বোচ্চ হার হবে ১৭ শতাংশ।
অন্যদিকে ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি করতে কাজ করছে তারা। পাশাপাশি তদন্তের প্রাথমিক ফলাফল এবং বিভিন্ন পক্ষের দেওয়া ভুল তথ্য ও অভিযোগের জবাবে নিজেদের বক্তব্য জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।