ইরাকে তেল পাচার বন্ধের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে : ট্রাম্প
ইরাকের তেলসম্পদ ও পাচার রোধে পদক্ষেপের বিষয়ে মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৩:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৩:১২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
ডোনাল্ড ট্রাম্প
তেল পাচার বন্ধে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত পারাপারের পথ ও কয়েকটি তেলক্ষেত্র কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাইদি। শুক্রবার (২৭ নভেম্বর) এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান ট্রাম্প।
ইরাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন জাইদি। অবৈধ তেল বাণিজ্য বন্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছেন তিনি। বাগদাদের কাছে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় তেল পাচারের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এরপর কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন জাইদি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, পুরো ইরাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইরাকি তেল পাচার বন্ধ, দুর্নীতির অবসান এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।
তবে জাইদির সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা করেছে কুর্দি কর্তৃপক্ষ। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই সিদ্ধান্তকে ‘সংবিধানের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
মঙ্গলবার জাইদির ঘোষণার পর ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ একটি গোয়েন্দা নথির বরাত দিয়ে তেল পাচারের তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, কিরকুক ও সুলাইমানিয়া প্রদেশের তেলক্ষেত্র থেকে ট্যাংকারে করে অপরিশোধিত তেল ইরানে পাচার করা হচ্ছিল।
পরে ওই তেল ইরানের অপরিশোধিত তেলের সঙ্গে মিশিয়ে আফগানিস্তানে রপ্তানি করা হচ্ছিল। আফগানিস্তানের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই তেল ব্যবহার করা হতো।
গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা করার উদ্দেশ্যেই দুই দেশের তেল মেশানো হচ্ছিল। বার্তা সংস্থা এএফপি নথিটি দেখেছে। তবে স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।
বাগদাদের একটি নিরাপত্তা সূত্র চলতি সপ্তাহে এএফপিকে জানিয়েছে, ইরান বা অন্য কোনো দেশে তেল পাচারের অনুমতি নেই। দেশের পুরো আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরাক সরকার।
চলতি বছর দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন জাইদি। ওয়াশিংটনের অভিযোগ, নিষেধাজ্ঞা এড়াতে ইরাকের অর্থনীতিকে কাজে লাগাচ্ছে ইরান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।