কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প
কৃষক-উদ্যোক্তার সংযোগ ও ডিজিটাল কৃষিসেবা সম্প্রসারণে তিন ধাপে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৩:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৩:১৮ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের এ প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।
দেশের শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এ প্রকল্পের মূল লক্ষ্য। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
এ জন্য কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকল্পটির প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার এবং কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ জন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে।
দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ৩ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।
চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রকল্পে উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।