সৌদির পাশে দাঁড়াল পাকিস্তান, কেন পাঠানো হচ্ছে সেনা?
প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সেনা মোতায়েন; সৌদি ভূখণ্ড ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তায় অঙ্গীকারের কথা জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৩:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৩:০৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা এবং সাম্প্রতিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, সেনারা সৌদি ভূখণ্ডের ভেতরেই নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৮ নভেম্বর) সৌদি আরবগামী সেনা সদস্যদের বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানায়। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সম্মত প্রতিশ্রুতি ও বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোর আওতায় সেনারা সৌদি আরবের ভূখণ্ডে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।
পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি মক্কা ও মদিনায় ইসলামের দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা সুরক্ষায় পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ।
সৌদি আরবে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের অন্যতম কারণ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা। দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সক্রিয় হয়েছে।
সম্প্রতি ইসলামাবাদে তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এর আগে গত আগস্টে মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।
তবে সৌদি আরবে মোতায়েন করা পাকিস্তানি সেনার সংখ্যা, তাঁদের নির্দিষ্ট দায়িত্ব, অবস্থানের স্থান কিংবা কত দিন তাঁরা সেখানে থাকবেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাকিস্তানের সামরিক বাহিনী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।