ইরানের রিয়ালের রেকর্ড দরপতন, এক ডলারে ৩০ লাখ
নিষেধাজ্ঞা, অবরোধ ও মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য সর্বনিম্ন পর্যায়ে।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিনিময়মূল্য প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে, যা দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন দর হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বাড়তে থাকায় রিয়ালের ওপর চাপ তৈরি হয়েছে।
মুক্তবাজারের বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার এক ডলারের বিপরীতে পাওয়া গেছে ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এই হার ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।
অন্যদিকে, অ্যালানচেন্ডের তথ্য অনুযায়ী, শনিবার এক ডলারের বিনিময়মূল্য ছিল ২৯ লাখ ৯৯ হাজার রিয়াল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের অর্থনীতি নানা সংকটে ছিল। যুদ্ধ শুরুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে ইরান স্থলপথে পণ্য পরিবহনের চেষ্টা করছে। তবে স্থলপথে পণ্য আনা-নেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি টাস্কফোর্স গঠন করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এর মধ্যেই চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করাই নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য।
নিষেধাজ্ঞা, অবরোধ, যুদ্ধের প্রভাব ও মূল্যস্ফীতির চাপের মধ্যে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা আরও বেড়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।