ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

চট্টগ্রামের কঙ্কাল জাদুঘরে কী কী দেখতে পাবেন?

জিরাফ, হাতি, হাঙর থেকে শুরু করে নানা প্রাণীর কঙ্কাল, খুলি ও সংরক্ষিত নমুনা রয়েছে এই বিনা মূল্যের জাদুঘরে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
চট্টগ্রামের কঙ্কাল জাদুঘরে কী কী দেখতে পাবেন? ছবি সংগৃহীত


চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে ব্যতিক্রমী এক সংগ্রহশালা—অ্যানাটমি মিউজিয়াম, যা অনেকের কাছে কঙ্কাল জাদুঘর নামে পরিচিত। প্রায় ৩ হাজার বর্গফুটের এই জাদুঘরে সংরক্ষিত আছে জিরাফ, হাতি, উট, কুমির, হাঙরসহ নানা প্রাণীর কঙ্কাল, খুলি, অঙ্গপ্রত্যঙ্গ ও ভ্রূণের নমুনা। দর্শনার্থীদের জন্য প্রবেশও বিনা মূল্যে।

চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় অবস্থিত এই জাদুঘরে ঢোকার আগেই চোখে পড়ে বিশাল এক জিরাফের কঙ্কাল। লম্বা গ্রীবার সেই কঙ্কাল যেন দর্শনার্থীদের মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে বাধ্য করে। এরপর নির্দিষ্ট স্থানে জুতা রেখে কাচের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সাজানো এক বিস্ময়কর সংগ্রহ।


কাঠের বাক্সের ওপর সারি করে রাখা হয়েছে গৃহপালিত ও বন্য প্রাণীর কঙ্কাল। বিশাল আকৃতির উট, হাতি ও ঘোড়ার পাশাপাশি রয়েছে ভেড়া, ছাগল ও শূকরের কঙ্কাল। একটি বড় কাচের বাক্সে প্রদর্শিত হচ্ছে কুমিরের দেহকাঠামো। মানুষের কঙ্কালও রয়েছে এই সংগ্রহে। এর দুই পাশে কাচের খোপে সাজানো আছে বিভিন্ন পাখির কঙ্কাল।

কোয়েল, ঘুঘু, বুলবুলি ও বাদুড়ের কঙ্কালও দেখা যায় ছোট ছোট কাচের বাক্সে। একসময় আকাশে উড়ে বেড়ানো এসব প্রাণীর দেহকাঠামো এখন শিক্ষার্থী ও দর্শনার্থীদের জানার উপকরণ।


কোথায়, কখন যাবেন

অ্যানাটমি মিউজিয়ামটি চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় প্রায় ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠেছে এটি।

শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না।

সব বয়সী মানুষের জন্য জাদুঘরটি উন্মুক্ত। তবে এর প্রধান উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণীদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান, গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। তাই পরিদর্শনের সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনে অগ্রাধিকার দেওয়া উচিত।


কঙ্কালের পাশাপাশি আছে খুলি ও অস্থির নমুনা

পূর্ণাঙ্গ কঙ্কালের পাশাপাশি বিভিন্ন প্রাণীর শরীরের বিশেষ অংশের হাড়ও ধাতব স্ট্যান্ডে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এর মধ্যে কুকুর ও ছাগলের সামনের এবং পেছনের পায়ের অস্থি রয়েছে। প্রতিটি নমুনার পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত করা আছে।

এখানে বিভিন্ন প্রাণীর মাথার খুলিও রয়েছে। এসবের মধ্যে বেবুনের খুলি বিশেষভাবে নজর কাড়ে।


সংরক্ষিত প্রাণী ও সামুদ্রিক নমুনা

কঙ্কাল ও খুলি ছাড়াও জাদুঘরে রয়েছে সামুদ্রিক ও স্থলজ প্রাণীর সংরক্ষিত নমুনা। ট্যাক্সিডার্মি পদ্ধতিতে সংরক্ষণ করা বিশাল একটি হাঙর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া বেজি, বনবিড়াল, কুকুর, ছাগল ও ভেড়ার সংরক্ষিত দেহাবয়বও রয়েছে। নমুনাগুলো এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যে প্রথম দেখায় জীবিত প্রাণী বলে মনে হতে পারে।

কাচের জারে রাসায়নিক দ্রবণে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ। এর মধ্যে রয়েছে বঙ্গরাজ সাপ। ফরমালিনে রাখা হয়েছে নানা প্রাণীর পৃথক অঙ্গপ্রত্যঙ্গও। তালিকায় আছে ছাগলের নাড়িভুঁড়ি, মহিষের অন্ত্র, শূকর ও ঘোড়ার কিডনি, কচ্ছপের ডিম এবং উটপাখির পৌষ্টিকতন্ত্র।


জারে সংরক্ষিত প্রাণীর ভ্রূণ

জাদুঘরের আরেকটি উল্লেখযোগ্য সংগ্রহ হলো বিভিন্ন প্রাণীর ভ্রূণ। ফরমালিনভর্তি কাচের জারে মানুষের পাশাপাশি ছাগল, মহিষ ও শূকরসহ নানা প্রাণীর ভ্রূণ সংরক্ষণ করা হয়েছে। এসব নমুনা প্রাণীর বিকাশ ও শারীরিক গঠন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।


নমুনা তৈরিতে লাগে ছয় মাস থেকে এক বছর

জাদুঘরের প্রতিটি নমুনা সংগ্রহ ও প্রস্তুতের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম। দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে ধীরে ধীরে সমৃদ্ধ করা হয়েছে এই সংগ্রহশালা।

মৃত প্রাণীর দেহাবয়বের গঠন অক্ষুণ্ন রেখে কঙ্কাল তৈরি করা বেশ শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ কাজ। ক্ষেত্রবিশেষে একটি নমুনা সম্পূর্ণ প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে।


দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিটি নমুনার নাম বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই লেখা রয়েছে। কঙ্কালের ক্ষেত্রে ইংরেজিতে বিস্তারিত বিবরণও দেওয়া আছে। ফলে প্রাণীগুলোর দেহের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায়।

বইয়ের পাতা বা তথ্যচিত্রে দেখা প্রাণীদের শারীরিক গঠন সরাসরি দেখার অভিজ্ঞতা এই জাদুঘরকে করে তুলেছে ব্যতিক্রমী। প্রকৃতি ও প্রাণিবিজ্ঞানের প্রতি আগ্রহী মানুষের জন্য চট্টগ্রামের এই অ্যানাটমি মিউজিয়াম হতে পারে শিক্ষণীয় ও কৌতূহলোদ্দীপক ভ্রমণগন্তব্য।




নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।