ইরানের নতুন ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স নির্মাণ
ইসফাহান ও নাতানজের মাঝামাঝি পাহাড়ি এলাকায় দ্রুত এগোচ্ছে নির্মাণকাজ, সামরিক বা পারমাণবিক উদ্দেশ্য নিয়ে বিশ্লেষকদের উদ্বেগ।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৩:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৪:০৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি : সংগৃহীত
ইসফাহান ও নাতানজের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় নতুন ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স গড়ে তুলছে ইরান। উপগ্রহ চিত্র বিশ্লেষণে উঠে এসেছে নির্মাণকাজ ও নিরাপত্তা অবকাঠামো সম্প্রসারণের তথ্য।
মধ্য ইরানের ইসফাহান ও নাতানজের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় দ্রুতগতিতে একটি নতুন ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) এর সাম্প্রতিক বিশ্লেষণ ও উপগ্রহ চিত্রে এ তথ্য উঠে এসেছে।
বেহজাতাবাদ নামের একটি প্রত্যন্ত এলাকায় নির্মাণাধীন এই স্থাপনাটি ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং নাতানজের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন বা কোলাং পর্বত থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে। গবেষণা সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এলাকাটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে সুরক্ষিত এলাকাটি প্রায় ১৯ বর্গমাইল বা ১২ হাজার একরজুড়ে বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি সামরিক কিংবা পারমাণবিক কার্যক্রমের জন্য নির্মিত হতে পারে। উপগ্রহ চিত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে এখানে প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হয়। ২০২৬ সালের শুরু থেকে সংযোগ সড়ক ও প্রশাসনিক এলাকার অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে যায়। পরবর্তী সময়ে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ নির্মাণের কাজও দৃশ্যমান হয়। সাম্প্রতিক চিত্রে একাধিক সুড়ঙ্গ প্রবেশপথ, নিরাপত্তাচৌকি, সীমানাপ্রাচীর এবং বিস্ফোরক সংরক্ষণের জন্য তৈরি বলে ধারণা করা হচ্ছে এমন অবকাঠামো দেখা গেছে।
আইএসআইএসের বিশ্লেষকদের মতে, নির্মাণকাজের দ্রুত অগ্রগতি এবং ইরানের পূর্ববর্তী কৌশল বিবেচনায় প্রকল্পটির সামরিক, পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট সম্ভাব্য উদ্দেশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের ধারণা, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র ব্যবস্থার সুরক্ষায় এই কমপ্লেক্স নির্মাণ করতে পারে। অন্যদিকে, পূর্ববর্তী হামলায় ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম নিরাপদে রাখার উদ্দেশ্যেও এ ধরনের স্থাপনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।
ইরান দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের গভীরে কিংবা ভূগর্ভে নির্মাণ করে আসছে। এর মূল উদ্দেশ্য সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে এসব স্থাপনা সুরক্ষিত রাখা। নাতানজের কাছে পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনাও এ ধরনের সুরক্ষিত অবকাঠামোর একটি উদাহরণ। পাহাড়ের গভীরে নির্মিত এসব স্থাপনা প্রচলিত হামলায় ক্ষতিগ্রস্ত করা কঠিন হওয়ায় সামরিক কৌশলের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
সূত্র: নিউজ উইক
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।