স্থগিত আনোয়ার ইব্রাহিমের ৭ ডিসেম্বরের ঢাকা সফর
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে সফর পিছিয়েছে; নতুন তারিখ পরে জানাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:০৩:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:০৩:১৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি সংগৃহীত
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বরের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। সফরের নতুন তারিখ পরে জানানো হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায়, সফর স্থগিতের বিষয়ে মালয়েশিয়া শুক্রবার বাংলাদেশের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সফরের নতুন দিনক্ষণ পরে জানাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। সফরকালে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি হিসেবে ঘোষণা করা হয়।
নির্ধারিত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল। বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
মালয়েশিয়ার জোট সরকারের অন্যতম শরিক দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) মতপার্থক্যের জেরে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকার রাজনৈতিক সংকটে পড়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিই সফর স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। ২২ জুন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।