২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষা
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি বহাল, অন্যান্য শ্রেণিতে শূন্য আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:১১:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:১১:১৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ফিরছে লিখিত পরীক্ষা। নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী, এসব শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় ভর্তি কার্যক্রম, পরীক্ষার নম্বর বণ্টন, আবেদন ফি এবং আসনসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসারে প্রশ্ন প্রণয়ন করা হবে। প্রতিটি শ্রেণির শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
ভর্তি কার্যক্রমের আবেদন, ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন হবে। প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে। প্রথম শ্রেণির আবেদনের সর্বোচ্চ ফি ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সহোদর ও যমজ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। তবে আবেদন শুরুর তারিখ ও ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।