চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ
মধ্যরাতে সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থী; ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৩:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৩:০৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়।
এ ঘটনায় চুয়েটের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চুয়েট চিকিৎসা কেন্দ্রে ও বাকি দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ভৈরব কেন নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সভার একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন। শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।
ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’
এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় জাতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধির মিসবাহ উদ্দিন স্বাধীনের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, ‘সিসিটিভি দেখে তাদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে।’
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।