ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

হাসপাতাল থেকে এআই, গবেষণা থেকে ইন্টার্নশিপ—নতুন রূপান্তরের পথে চবি

৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ডিপিপি জমা; ৫০ শয্যার মেডিকেল হাসপাতাল, এআই ও ডেটা সায়েন্স বিভাগ চালু এবং শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ৪০ হাজার টাকা গবেষণা বৃত্তির পরিকল্পনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৪৯:৪৯ অপরাহ্ন
  • ৫ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
হাসপাতাল থেকে এআই, গবেষণা থেকে ইন্টার্নশিপ—নতুন রূপান্তরের পথে চবি ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ডিপিপি (ডিটেইলড প্রজেক্ট প্রপোজাল) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকল্পের আওতায় ৫০ শয্যার স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি চালু এবং নতুন বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে।


পাশাপাশি গবেষণায় শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ৪০ হাজার টাকা বৃত্তি, শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ৩০ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান এবং স্নাতক পর্যায়ে দক্ষতা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্‌-ফোরকান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাশিক্ষা, গবেষণা, শিল্প-একাডেমিক সহযোগিতা এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন।


চিকিৎসাশিক্ষায় নতুন উদ্যোগ, হবে ৫০ শয্যার হাসপাতাল:


উন্নয়ন প্রকল্পে চিকিৎসাশিক্ষার সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৫০ শয্যার একটি স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এমবিবিএস চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় প্রশাসন।


এ ছাড়া স্বাস্থ্যবিজ্ঞানের পরিসর বাড়াতে নার্সিং বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, এসব পরিকল্পনার মাধ্যমে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক উচ্চশিক্ষার নতুন ক্ষেত্র তৈরি হবে।


এআই, ডেটা সায়েন্স ও অটোমোবাইলসে নতুন বিভাগ:


প্রযুক্তিনির্ভর কর্মবাজারের চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং বিভাগ চালুর প্রস্তাব আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এসব বিভাগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হবে।


প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নতুন বিভাগগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য।


গবেষণায় মাসে সর্বোচ্চ ৪০ হাজার টাকা বৃত্তি:


বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। 


পরিকল্পনা অনুযায়ী, এমএসসি থিসিসের শিক্ষার্থীরা মাসিক ১০ হাজার টাকা, এমফিল গবেষকেরা ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণা বৃত্তি পাবেন।


গবেষণার তত্ত্বাবধানকারী শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগও রয়েছে। গবেষণাকে কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মৌলিক জ্ঞান সৃষ্টি ও বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগাতে চায় প্রশাসন।


শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান:


বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প ও অর্থনীতির সঙ্গে যুক্ত করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে তাদের উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য।


প্রাপ্ত সমস্যাগুলো সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকদের কাছে পাঠানো হবে। কোনো শিক্ষক বা গবেষক নির্দিষ্ট সমস্যার সমাধানে গবেষণায় আগ্রহী হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা হবে। এ ধরনের গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।


উপাচার্যের মতে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা সম্পর্কে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থা তৈরি করা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানো জরুরি। নতুন উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে চায় প্রশাসন।


গঠিত হচ্ছে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল:


শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গঠন করা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল। গত ৪ নভেম্বর শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সেলটিতে একজন পরিচালক ও একজন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। তাঁদের দায়িত্ব হবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগে পৌঁছে দেওয়া।


এ ছাড়া যৌথ গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা এবং দ্বৈত ডিগ্রি চালুর বিষয়েও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।


কিউএস র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে উদ্যোগ:


আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে অগ্রগতির ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। উপাচার্য জানান, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও বায়োলজিক্যাল সায়েন্সের কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে এ অবস্থানে সন্তুষ্ট নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এ লক্ষ্যে শিক্ষকদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দেশি-বিদেশি সম্মেলন ও কর্মশালায় অংশ নেওয়ার আগে শিক্ষকদের আন্তর্জাতিক সেলকে অবহিত করতে হবে। সম্মেলন থেকে ফিরে সংশ্লিষ্ট শিক্ষককে নিজ অনুষদ বা বিভাগে উপস্থাপিত গবেষণাপত্র নিয়ে আলোচনা ও উপস্থাপনা করতে হবে।


উপাচার্যের মতে, শিক্ষকদের ব্যক্তিগত পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং র‌্যাংকিংয়ে কাজে লাগানো প্রয়োজন।


ওবিই পদ্ধতিতে শিক্ষার মানোন্নয়নের প্রত্যাশা::


শিক্ষার গুণগত মান বাড়াতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়নেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য জানান, এ পদ্ধতি চালুর ফলে একাডেমিক কার্যক্রমে শিক্ষকদের অংশগ্রহণ বেড়েছে।


তাঁর মতে, ওবিই শুধু পাঠ্যক্রমের পরিবর্তন নয়; বরং শিক্ষার্থীরা কী জ্ঞান, দক্ষতা ও বাস্তব প্রয়োগের সক্ষমতা অর্জন করছে, তা মূল্যায়নের একটি কাঠামো। এ পদ্ধতির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার প্রত্যাশা করছেন তিনি।


প্রথম বর্ষে প্রশিক্ষণ, শেষ বর্ষে ছয় মাসের ইন্টার্নশিপ:


শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে স্নাতকের প্রথম বর্ষ থেকেই সফট স্কিল ও কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে।


অন্যদিকে চার বছর মেয়াদি স্নাতক কার্যক্রমের শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ইন্টার্নশিপ ফেলোশিপ দেওয়ার প্রস্তাব রয়েছে।


উপাচার্যের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আর্থিক চাপ কিছুটা সামলে দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনে মনোযোগ দিতে পারবেন। এ-সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে ইউজিসিতে পাঠানো হয়েছে এবং কমিশন তা ইতিবাচকভাবে পর্যালোচনা করছে বলে জানান তিনি।


পাঁচ বছরে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্য:


আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্‌-ফোরকান। এ লক্ষ্য অর্জনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণা, প্রযুক্তি, চিকিৎসাশিক্ষা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।


উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সুযোগ তৈরির পরিকল্পনা করছে। তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়নে শিক্ষার্থীদেরও পড়াশোনা ও একাডেমিক কার্যক্রমে মনোযোগী হতে হবে।


প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প ও অন্যান্য উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চিকিৎসাশিক্ষা এবং কর্মমুখী উচ্চশিক্ষার পরিসরে নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।