ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

চীন কেন পাকিস্তানি নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে?

বিজ্ঞান ও কূটনীতির লক্ষ্য নিয়ে তিয়ানগংয়ে পাকিস্তানি নভোচারী জিশান আলীর অভিযান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
চীন কেন পাকিস্তানি নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে? ছবি সংগৃহীত


বিজ্ঞান ও কূটনীতি—এই দুই লক্ষ্য সামনে রেখে প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিককে নিজেদের মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে চীন। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বেইজিং।


চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে বুধবার সকালে যাত্রা করেছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। ‘লং মার্চ-২এফ’ রকেটে করে যাত্রা করা এই মহাকাশযানে রয়েছেন তিন নভোচারী। তাঁদের দুজন চীনের নাগরিক তাং হংবো ও উ ই। অন্যজন পাকিস্তানের নভোচারী জিশান আলী।

জিশান আলীর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিককে নিজেদের মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে চীন। তিয়ানগংয়ে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। এ অভিযানের জন্য বেইজিংয়ে সাত মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন জিশান।


মহাকাশযাত্রার অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’

কিন্তু চীন কেন পাকিস্তানের একজন নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে? বিবিসির চীন সংবাদদাতা লরা বিকারের মতে, এর পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে—বিজ্ঞান ও কূটনীতি। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বেইজিং।


মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের সহযোগিতার ৭৫ বছর পূর্তির সময়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। লরা বিকার বলেন, চীন বিশ্বকে দেখাতে চায়, তাদের মহাকাশ স্টেশন শুধু নিজেদের ব্যবহারের জন্য তৈরি নয়; এটি আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্র হিসেবেও কাজ করতে পারে। আন্তর্জাতিক অংশীদারত্ব একটি দেশের বৈশ্বিক প্রভাব ও গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখে।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে দুটি মহাকাশ স্টেশন রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এতে রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিয়ানগং মহাকাশ স্টেশন। ২০২২ সাল থেকে এটি পুরোপুরি সচল রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে যাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে মহাকাশ গবেষণায় চীনের প্রভাব আরও বাড়তে পারে। মার্কিন নেতৃত্বাধীন মহাকাশ কর্মসূচির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে বেইজিং। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো চীনা নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্যও রয়েছে দেশটির।


এই অভিযানে পাকিস্তানের অংশগ্রহণ দেশটির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, পাকিস্তানের নিজস্ব কোনো মহাকাশযান নেই। ফলে মহাকাশ গবেষণায় এমন অভিযানের জন্য দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে।

এ পর্যন্ত ৫০টি দেশের নাগরিক মহাকাশে গেছেন। তবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযান ব্যবহার করে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে মাত্র তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।


মহাকাশযাত্রার আগে এক সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি যখন মহাকাশে পৃথিবীর কক্ষপথে অবস্থান করব, সেই সময়টাতে যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের সবাইকে বলছি—আকাশের দিকে তাকাও, আর মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে রয়েছি।’

সূত্র: বিবিসি ও রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।