ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

পর্তুগালে বর্ণবাদী হামলা ও শোষণের শিকার বাংলাদেশিরা

লিসবনে অভিবাসনবিরোধী প্রচারণা, কর্মক্ষেত্রে শোষণ ও আবাসন সংকটে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:২৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:২৯:২৭ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
পর্তুগালে বর্ণবাদী হামলা ও শোষণের শিকার বাংলাদেশিরা ছবি সংগৃহীত


পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী হামলা, বিদ্বেষমূলক প্রচারণা ও কর্মক্ষেত্রে শোষণের ঘটনা বাড়ছে। দেশটিতে ৫৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের বড় একটি অংশ রাজধানী লিসবন ও আশপাশের এলাকায় থাকেন। অভিবাসনবিরোধী মনোভাব এবং উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোর প্রচারণার মধ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পর্তুগালের অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা (আইমা) ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম রিপোর্ট ২০২৫’-এ জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৫৭৯ জন বাংলাদেশি নাগরিক বসবাস করছিলেন


এই পরিসংখ্যানে নিয়মিতভাবে বসবাসকারী ব্যক্তিদের পাশাপাশি নিয়মিতকরণ প্রক্রিয়াধীন এবং বিশেষ আইনি ব্যবস্থায় বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিরাও রয়েছেন। তবে যেসব অনিয়মিত অভিবাসীর বৈধ বসবাসের অনুমতি নেই এবং নিয়মিতকরণের আবেদনও চলমান নয়, তাঁরা এ হিসাবের অন্তর্ভুক্ত নন।

পর্তুগিজ ভাষাভাষী নন, এমন অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশিরা অন্যতম বড় গোষ্ঠী। তবে দেশজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব ও সহিংসতা বাড়ায় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে উগ্র ডানপন্থি রাজনৈতিক দল শেগা এবং বিভিন্ন অভিবাসনবিরোধী গোষ্ঠীর প্রচারণায় বাংলাদেশিরা লক্ষ্যবস্তু হচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


লিসবনের বাইশা এলাকার বেনফরমোসো সড়ক অনেকের কাছে ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত। প্রায় ৪০০ মিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৮০টির বেশি স্যুভেনিরের দোকান, মুদিদোকান ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠান। এখানে বাংলাদেশি অভিবাসীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও প্রতিদিনের জীবনযাত্রা চোখে পড়ে।

দোকানের কাউন্টারে ক্রীড়া সংবাদপত্র, দেয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি আর হাতে পর্তুগালের জনপ্রিয় ব্র্যান্ড ডেল্টার কফি—সব মিলিয়ে এলাকাটির রয়েছে নিজস্ব পরিবেশ। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেখানে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বর্ণবাদী হামলা ও বিদ্বেষমূলক প্রচারণার মুখে পড়ছেন। দীর্ঘ কর্মঘণ্টা ও কঠিন জীবনযাপনের কারণে অনেকের মধ্যে ক্লান্তি ও হতাশাও বাড়ছে।


বেনফরমোসো সড়কের বাংলাদেশি ব্যবসায়ী রাফি শারহান বলেন, বিভিন্ন দিক থেকে পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। ২০১৭ সালে পর্তুগালে আসার পর থেকে বাংলাদেশি কমিউনিটির জন্য এটিই সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন তিনি।

রাফি শারহানের ভাষ্য, বাংলাদেশি নাগরিকদের কেউ হামলার শিকার হচ্ছেন, কেউ অসাধু নিয়োগকর্তার মাধ্যমে শোষিত হচ্ছেন। পাশাপাশি উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রচারণার লক্ষ্যবস্তু হচ্ছেন তাঁরা। সব মিলিয়ে কমিউনিটির সদস্যরা ঝুঁকির মধ্যে রয়েছেন।

পর্তুগালের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, আবাসন সংকট ও মূল্যস্ফীতির কারণে পুরো সমাজে একধরনের উত্তেজনা বিরাজ করছে। আগামী কয়েক মাসের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বিগ্ন।


অভিবাসনবিরোধী প্রচারণার লক্ষ্য বাংলাদেশিরা

পর্তুগালে অভিবাসন আইন কঠোর করা, ভিসা নবায়নের জন্য দীর্ঘ অপেক্ষা এবং উগ্র ডানপন্থি দল শেগার বাংলাদেশিবিরোধী প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সম্প্রতি রাজধানী লিসবনের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে দলটি। পোস্টারে লেখা ছিল, ‘ইস্তো নাও এ ও বাংলাদেশ’, যার অর্থ ‘এটি বাংলাদেশ নয়’।


পর্তুগিজ রেড ক্রসের লুইস সুসা বলেন, অভিবাসীদের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা সব দিক থেকেই নিজেদের লক্ষ্যবস্তু মনে করছেন। তাঁদের অনেকটা বলির পাঁঠা বানানো হচ্ছে।

দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বসবাসের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটির সদস্যরা নানা ধরনের চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।


২০০০ সালের শুরুর দিকে বাংলাদেশি অভিবাসীদের প্রথম বড় একটি দল পর্তুগালে যেতে শুরু করে। তাঁদের অনেকে স্থানীয় ছোট ব্যবসা, ব্যক্তিগত সেবামূলক কাজ ও পরিচ্ছন্নতা খাতে যুক্ত হন। পরবর্তী সময়ে নতুন অভিবাসীদের আগমন বাড়ে। বিশেষ করে ২০১৭ সালের পর বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বর্তমানে দেশটির পণ্য সরবরাহ, নির্মাণকাজ, বনাঞ্চল ব্যবস্থাপনা ও কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা কাজ করছেন। প্রায় প্রতি গ্রীষ্মে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পর্তুগাল। দেশটির বনাঞ্চল ব্যবস্থাপনা ও কৃষি খাতেও বাংলাদেশি অভিবাসীদের একটি অংশ যুক্ত রয়েছেন।

তবে উন্নত জীবনের আশায় পর্তুগালে আসা অনেক বাংলাদেশির প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশি নাগরিকদের সহায়তায় কাজ করা লিসবনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ এম পর্তুগাল’-এর সদস্য তাহো রিহার বলেন, উন্নত জীবনের আশায় আসা অনেক বাংলাদেশির জীবন এখন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।


তিনি জানান, অনেকের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং কর্মক্ষেত্রে তাঁদের শোষণ করা হচ্ছে। আবার অনেকে অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত বাসস্থানে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। এসব কারণে তাঁদের মধ্যে হতাশা স্পষ্ট।

বাংলাদেশি অভিবাসীদের সহায়তায় পর্তুগিজ রেড ক্রস ও কয়েকটি গির্জাসহ কিছু সংগঠন কাজ করছে বলে জানান তাহো রিহার। অভিবাসীদের সঙ্গে প্রতারণা ও শোষণের ঘটনায় পুলিশও কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।