বগুড়া অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয়ী
শুক্রবার গওহর আলী বার ভবনে মোট ৯৫২ ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী ভোট দেন, সভাপতি পদে আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব নির্বাচিত হয়েছেন।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি : প্রতিনিধি
গতকাল ২৭শে নভেম্বর শুক্রবার বগুড়া অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। নির্বচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বা বিএনপির মনোনীত আতাউর রহমান আতা-আব্দুল ওহাব প্যানেল পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট-৯৫২ জন ভোটারের মধ্যে -৮৮৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণণা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান (আতা) পেয়েছেন-৬৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন-১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল ওহাব পেয়েছেন-৬৮২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন-১৫০ ভোট।
রেজাউল বারী তারা-৬৫৪ ভোট পেয়ে এবং রহমতুল বারী তালুকদার-৬১২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ফারুক আমেদ-৫০৪ ভোট, আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ-৫৪৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে মোঃ আশাবুদজামান আশিব-৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন-৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি (২) -৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আল আমিন রাসেল-৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের ৫টি পদে নির্বাচিত হয়েছেন, অ্যাড. মোঃ সেলিম রানা প্রাপ্ত ভোট- ৬১৩, অ্যাড. খায়রুল আলম প্রাপ্ত ভোট-৫৯১, অ্যাড. মোছাঃ সুলতানা খাতুন প্রাপ্ত ভোট-৫৮৫, অ্যাড. এনামুল হক-১ প্রাপ্ত ভোট-৫৭৯ এবং অ্যাড. ছানোয়ার হোসেন প্রাপ্ত ভোট-৫০৮।
নির্বাচনে আতা-ওহাব পরিষদের পূর্ণ প্যানেলের এই বিজয়কে বিএনপি-সমর্থিত আইনজীবীদের সাংগঠনিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আগ্রহ থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় সভাপতি পদে আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব মনোনয়ন পান।
নির্বাচনে দুই প্যানেলের দলীয় সমর্থনের পাশাপাশি স্বতন্ত্র, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক মতাদর্শের আইনজীবীদের ভোটের সমীকরণও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত আতা-ওহাব পরিষদের প্রার্থীরা সবকটি পদে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
ফলাফল ঘোষণার পর, বারের সকল বিজ্ঞ আইনজীবীদের এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিতদের অক্লান্ত পরিশ্রমের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও ধন্যবাদ দিয়ে নব-বির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার, বার ভবনের আধুনিকায়ন, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং নারী আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নির্বাচনের আগের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন। তিনি সকল বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা কামনা করেন। ফলাফল ঘোষনার পর জেলা বিএনপি ও জাতীয়তাবাদী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সকল বিজয়ী আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ও উত্তরবঙ্গের বৃহত্তম জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদসংখ্যা-১৩ থেকে বাড়িয়ে-১৫ করা হয়। মোট-৯৫২ জন আইনজীবী ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।