ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা ব্যর্থ, রোহিঙ্গা বাবা-মেয়েসহ আটক ৪
কক্সবাজারের ক্যাম্প থেকে নেত্রকোনায় এসে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে দুবাই যাওয়ার চেষ্টাকালে ধরা পড়েন ওই তরুণী, ইউনিয়ন পরিষদের অনুমোদন প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:৩৮:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:৩৮:৪৯ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি : প্রতিনিধি
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে এসে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশি পরিচয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরি এবং তা ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুবাই যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টের আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন ১৯ বছর বয়সী এক রোহিঙ্গা তরুণী। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বাবা ও স্থানীয় দুই বাসিন্দাসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) । জমা দেওয়া কাগজপত্র ও তাঁর কথাবার্তায় সন্দেহ দেখা দিলে পাসপোর্ট অফিস থেকে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয় । এরপর ওই তরুণীকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয় । সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাউসার বিবির বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০) এবং স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল (৪২) ও আজিজুল হককে (৩০) পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
আটক বাবা-মেয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পে বসবাস করেন । অপর দুই আটকের মধ্যে মাওলানা আব্দুল জলিল পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের এবং আজিজুল হক উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের বাসিন্দা ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ট্রেনে করে ময়মনসিংহের গৌরীপুর হয়ে বাবা-মেয়ে পূর্বধলার পাঠলি গ্রামে মাওলানা আব্দুল জলিলের মাদ্রাসায় পৌঁছান । এর প্রায় দুই মাস আগে কাউসার বিবির নামে বাংলাদেশি জন্মনিবন্ধন তৈরি করে দেওয়ার জন্য জলিল আজিজুল হকের শরণাপন্ন হন । অভিযোগ রয়েছে, আজিজুল হক আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে নিবন্ধনটি করিয়ে দেন ।
আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষ এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এই জন্মনিবন্ধন তৈরি করেননি; বরং পরিষদে কর্মরত মিঠুন দাস নামের এক অপারেটর এটি করেছেন। বিষয়টি নজরে আসার পর তিনি আগেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছিলেন বলেও দাবি করেন জয় ঘোষ ।
খোঁজ নিয়ে জানা গেছে, মিঠুন দাসের স্ত্রী আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু মিঠুন দাস কীভাবে সেখানে জন্মনিবন্ধন তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া এই নিবন্ধন চূড়ান্ত হওয়া সম্ভব নয় বলে জানা গেছে। এক রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে বাংলাদেশি পরিচয়পত্র অনুমোদনের আগে কোন নথিপত্র যাচাই করা হয়েছিল, অনুমোদনকারী কর্মকর্তা প্রকৃত তথ্য জানতেন কি না এবং কোন ভিত্তিতে নিবন্ধনটি দেওয়া হলো—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার খবর পেয়ে তিনি তরুণীকে নেত্রকোনা থেকে পূর্বধলায় ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন এবং ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা বাবা-মেয়েসহ চারজনকে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আটক চারজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে । এই ঘটনার নেপথ্যে আর কোনো অসাধু চক্র বা কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্ত শেষে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন, যাতে ভবিষ্যতে এমন জালিয়াতির পুনরাবৃত্তি না ঘটে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।