জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম হলেন কুবির সুপ্রতীক
উপকূলীয় মানুষের পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নির্মিত ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রের জন্য তিনি ইউজিসি চেয়ারম্যানের হাত থেকে ৫০ হাজার টাকা ও সনদ গ্রহণ করেন।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:২২:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:২২:৫১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি : প্রতিনিধি
‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স (সিএটিএ-আর্থ ২০২৬)’ শীর্ষক জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া। তাঁর নির্মিত ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ তাঁর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পুরস্কার হিসেবে তিনি ৫০ হাজার টাকা পান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিসিএইচপিইউর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবির, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশনের ড. মিখাল ক্রেজা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নিজের অনুভূতি জানিয়ে সুপ্রতীক বলেন, “এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’-এ উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁরা তাঁদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমার সুপারভাইজার অমিত দত্ত স্যার, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ।”
‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে বদলে যাওয়া উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রটি ইউজিসির অর্থায়নে পরিচালিত ‘টাইডস অব কলাপ্স: এ কলাপসোলজিক্যাল ইনকোয়ারি ইনটু স্যালিনিটি ইনট্রুশন, শ্রিম্প অ্যাকুয়াকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণার দৃশ্যভিত্তিক উপস্থাপনা। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে পরিচালিত মাঠপর্যায়ের ওই গবেষণায় দেখা গেছে, মিঠাপানির সংকট ও লবণাক্ততা স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা, মানসিক চাপ, অভিবাসন, সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক বৈষম্যের সঙ্গে গভীরভাবে জড়িত।
গবেষণায় আরও উঠে এসেছে, পানির সংকটের কারণে নারীদের পানি সংগ্রহে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এবং গৃহস্থালি ও পরিচর্যার বাড়তি দায়িত্ব নিতে হয়। এতে তাঁদের আয়ের সুযোগ কমে যায় এবং বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি তৈরি হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।