ইসলামে মানুষের মর্যাদা: কোরআনে বর্ণিত সম্মানের ১০টি দিক
আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, বিবেক, সুন্দর আকৃতি ও বিশেষ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন; কোরআনে মানুষের সম্মানের নানা দিক তুলে ধরা হয়েছে।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১২:৩০:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১২:৩০:০৬ পূর্বাহ্ন
- ৫ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি— সংগৃহীত
ইসলামে মানুষকে অত্যন্ত সম্মানিত সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি, জ্ঞান, বিবেক ও বিভিন্ন যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীকে আবাদ করা, আল্লাহর ইবাদত করা এবং তাঁর বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য মানুষকে বিশেষ সক্ষমতা দান করেছেন।
পবিত্র কোরআনে মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)
কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের সম্মান ও মর্যাদার যে দিকগুলো উঠে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ১০টি হলো—
প্রথমত, মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর দেহ, ভারসাম্যপূর্ণ গঠন ও বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। পাশাপাশি জ্ঞান, বিবেক ও উপলব্ধির শক্তি দান করে অন্যান্য সৃষ্টির মধ্যে তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে।’ (সুরা আত-তিন, আয়াত : ৪)
দ্বিতীয়ত, আদম (আ.)-এর মধ্যে রুহ ফুঁকে দেওয়া এবং ফেরেশতাদের সিজদার নির্দেশ প্রদান মানুষের বিশেষ সম্মানের নিদর্শন। আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করে তাঁর মধ্যে রুহ ফুঁকে দেন এবং ফেরেশতাদের তাঁর সামনে সিজদা করার নির্দেশ দেন। এটি ছিল আদম (আ.)-এর প্রতি আল্লাহর বিশেষ সম্মান প্রদর্শন। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, ‘অতঃপর যখন আমি তাকে পূর্ণাঙ্গভাবে গঠন করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেয়ো।’ (সুরা আল-হিজর, আয়াত : ২৯)
তৃতীয়ত, মানুষকে বিবেক, বুদ্ধি ও জ্ঞান-বোধের নিয়ামত দেওয়া হয়েছে। এই ক্ষমতার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারে এবং সত্য-মিথ্যা ও উপকারী-ক্ষতিকর বিষয়গুলো শনাক্ত করতে সক্ষম হয়। বিবেক-বুদ্ধির কারণেই মানুষ ইসলামের বিধি-বিধান পালনের দায়িত্বপ্রাপ্ত।
শরিয়তের বিধান পালনের ক্ষেত্রে সুস্থ বিবেক ও বুদ্ধি একটি গুরুত্বপূর্ণ শর্ত। যে ব্যক্তি বুদ্ধি হারিয়ে ফেলে, তার ওপর স্বাভাবিক অবস্থায় বিধান পালনের দায়িত্ব থাকে না। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা আল-বাকারাহ, আয়াত : ২৮৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন ব্যক্তির ওপর থেকে আমল লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে; তাদের মধ্যে একজন হলো পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয়। (আবু দাউদ, হাদিস : ৪৪০৩)
এ ছাড়া আল্লাহ তাআলা আদম (আ.)-কে বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি বলেন, ‘আর তিনি আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন।’ (সুরা আল-বাকারাহ, আয়াত : ৩১)
চতুর্থত, মানুষকে কথা বলা ও মনের ভাব প্রকাশের ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে কথা বলা, লেখা এবং নিজের চিন্তা-ভাবনা অন্যের কাছে প্রকাশ করার যোগ্যতা দিয়েছেন। এই ক্ষমতার মাধ্যমে মানুষ জ্ঞান-বিজ্ঞান চর্চা, অভিজ্ঞতা বিনিময় ও নতুন জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘পরম করুণাময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।’ (সুরা আর-রহমান, আয়াত : ১-৪)
পঞ্চমত, মানুষের কল্যাণে বিশ্বজগতের অসংখ্য সৃষ্টি নিয়োজিত করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জীবন ও প্রয়োজন পূরণের জন্য আসমান-জমিনের বিভিন্ন সৃষ্টিকে তার উপকারে নিয়োজিত করেছেন। সূর্য, চন্দ্র, রাত, দিন, নদী, সমুদ্র, পাহাড়, পশুপাখিসহ অসংখ্য সৃষ্টি মানুষের জীবনযাত্রাকে সহজ করে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি নিজ অনুগ্রহে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।’ (সুরা আল-জাসিয়া, আয়াত : ১৩)
ষষ্ঠত, মানুষকে আল্লাহর বহু সৃষ্টির ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। জ্ঞান, বিবেক, উপলব্ধি, ইচ্ছাশক্তি ও বিভিন্ন যোগ্যতার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, ‘আর আমি তাদের আমার বহু সৃষ্টির ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)
সপ্তমত, মানুষের হেদায়েতের জন্য নবী-রাসুল ও আসমানি কিতাব পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি; বরং সঠিক পথ দেখানোর জন্য নবী-রাসুল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এসবের মাধ্যমে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য জানতে পারে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশনা পায়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করেছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।’ (সুরা আল-হাদিদ, আয়াত : ২৫)
অষ্টমত, মানুষের দেহ ও লজ্জাস্থান আবৃত রাখার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন এবং শালীনতা ও আবৃত থাকার বিধান দিয়েছেন। পোশাক মানুষের সৌন্দর্য, সম্মান ও মর্যাদার প্রতীক। আদম ও হাওয়া (আ.) যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তখন তাঁদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়লে তাঁরা জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে শুরু করেন। কোরআনে বলা হয়েছে, ‘আর তারা উভয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল।’ (সুরা আল-আরাফ, আয়াত : ২২)
নবমত, মৃত্যুর পরও মানুষের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন থাকে। ইসলামে মৃত ব্যক্তির দেহের সম্মান রক্ষা করা জীবিতদের দায়িত্ব। মৃত ব্যক্তিকে যথাযথভাবে কাফন দেওয়া, জানাজা ও দাফনের ব্যবস্থা করা এবং কবরস্থানের মর্যাদা রক্ষা করা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ কর্তব্য। মৃত ব্যক্তির দেহ ও কবরের অসম্মান হয়, এমন কাজ থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তাকে (মানুষকে) মৃত করেন এবং কবরস্থ করেন।’ (সুরা আবাসা, আয়াত : ২১)
দশমত, মানুষকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ঈমান ও নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং জান্নাতের চিরস্থায়ী শান্তি ও নিয়ামত লাভের যোগ্য হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৭)
মানুষের জন্য সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য হলো আল্লাহ তাআলা তাকে ঈমান, নেক আমল, তাওবা ও তাঁর রহমতের মাধ্যমে জান্নাত লাভের সুযোগ দিয়েছেন। তাই মানুষের উচিত নিজের মর্যাদা উপলব্ধি করা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং তাঁর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা।
-কাসেম শরীফ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।