গাজায় শীত ও বন্যার আতঙ্ক, ঝুঁকিতে ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ
বৃষ্টিতে হাজার হাজার তাঁবু প্লাবিত, আশ্রয় ও ত্রাণ সংকটে মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনিরা
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৪৯:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১২:০৩:০৭ পূর্বাহ্ন
- ৬ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
বৃষ্টির দিনে গাজার একটি আশ্রয়শিবিরের তাঁবুতে শিশুকে নিয়ে বসে আছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। ৭ নভেম্বর ২০২৬ ছবি: রয়টার্স
গাজায় শীতকাল শুরু হওয়ার আগেই বৃষ্টি ও বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ক্ষতিগ্রস্ত তাঁবু, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, আশ্রয়সামগ্রীর সংকট এবং নিরাপদ স্থানে যাওয়ার সীমিত সুযোগ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৩ লাখ ৬০ হাজার মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ।
চলতি নভেম্বরের শুরুতে মধ্য গাজার আল জাওয়ায়দা এলাকায় ভারী বৃষ্টিতে জাবের আল কাসিরের তাঁবুতে পানি ঢুকে পড়ে। এতে তাঁর পরিবারের তোশক ভিজে যায় এবং খাবার নষ্ট হয়ে যায়। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত এই ব্যক্তি আল জাজিরাকে জানান, গত শীতেও তাঁর শিবির তিন থেকে চারবার প্লাবিত হয়েছিল। বন্যার কারণে তাঁর অনেক প্রতিবেশী আগেই এলাকা ছেড়ে চলে গেছেন।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর সন্ধ্যায় শুরু হওয়া ঝড়বৃষ্টিতে মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। পাঁচ হাজারের বেশি পরিবার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। এ ছাড়া প্রায় ৬০০ পরিবার নতুন করে স্থানান্তরিত হয়।
বৃষ্টিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ৮ নভেম্বর দেইর আল বালাহর দক্ষিণে একটি বাস্তুচ্যুত শিবিরে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে শিশুও ছিল। একই ঝড়ে পানিতে ডুবে এক নবজাতকের মৃত্যু হয় বলে জাতিসংঘ জানিয়েছে। পরে ১৩ নভেম্বর প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।
গাজার পৌরসভাগুলোর জোট সতর্ক করেছে, চলতি শীতে প্রায় এক হাজার শিবির ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হতে পারে। জরাজীর্ণ দুই লাখ তাঁবু প্রতিস্থাপন করা জরুরি। পাশাপাশি দুই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর গাজায় এটি চতুর্থ শীতকাল। মানবিক সহায়তা প্রবেশে বাধা, ব্যাপক অবকাঠামোগত ক্ষতি এবং বন্যার ঝুঁকির কারণে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
ফিলিস্তিনিরা কেন নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার বিস্তীর্ণ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত। ফলে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগও কমে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও বিশ্ব খাদ্য কর্মসূচি ১৭ নভেম্বর জানায়, গাজার মানুষ ভূখণ্ডের ৪০ শতাংশেরও কম এলাকায় অবস্থান করতে পারছেন। সেখানে থাকা ১ হাজার ৭০০ আশ্রয়শিবিরের অর্ধেকের বেশি বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত।
নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামাস অস্ত্র না ছাড়লে ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি গাজার অবশিষ্ট ৩০ শতাংশ এলাকায় হামাসের নিয়ন্ত্রণকে ভ্রম বলে উল্লেখ করেন। তবে তিনি নতুন করে স্থানত্যাগের কোনো নির্দেশ দেননি।
ক্ষতিগ্রস্ত বাড়িঘরও অনেকের জন্য নিরাপদ আশ্রয় নয়। জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, গত জুনের মাঝামাঝি পর্যন্ত গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। নভেম্বরের প্রথম ঝড়ের সময় নুসেইরাতের বাসিন্দা নাসের আল হাজেরের ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের ছাদ থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছিল। বাধ্য হয়ে তিনি সন্তানদের নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। আল জাজিরাকে তিনি বলেন, বাড়িভাড়া অনেক বেশি, আবার তাঁবুও নিরাপদ নয়। তাই কোথায় যাবেন, তা বুঝতে পারছেন না।
গাজায় বন্যার ঝুঁকি কেন বেশি
ইসরায়েলি হামলায় গাজার নালা ও পয়োনিষ্কাশনব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বৃষ্টির পানি সরানোর স্বাভাবিক ব্যবস্থা কার্যকর নেই। গাজা সিটির পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না জানান, প্রথম ঝড়ের সময় আটটি পাম্পিং স্টেশন ও বৃষ্টির পানি সংরক্ষণের তিনটি প্রধান জলাধার অচল ছিল। অবশিষ্ট ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ পরিস্থিতিতেও বৃষ্টির পানির পাঁচ ভাগের এক ভাগের বেশি সরানো সম্ভব নয়।
ওসিএইচএ জানিয়েছে, গাজার প্রধান জলাধার শেখ রাদওয়ান লেগুনে ঝড়ের সময় পানির উচ্চতা প্রায় দেড় মিটার বেড়ে যায়। বর্তমানে এর পাম্পিং স্টেশন মূল সক্ষমতার ৪০ শতাংশের কম শক্তিতে চলছে।
মধ্য গাজায় ওয়াদি গাজার পানি বেড়ে যাওয়ায় আল মুগরাকা ও আল জাহরা এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। জরুরি উদ্ধারসেবাও চাপে রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ৭ নভেম্বর তারা সহায়তার জন্য ২ হাজার ১৬৬টি ফোন পেয়েছিল। কিন্তু মাত্র ২১৮টি স্থানে উদ্ধারকর্মী পাঠানো সম্ভব হয়। বাকি অনেক ক্ষেত্রে ফোনে পরামর্শ দিয়ে সহায়তা করতে হয়েছে।
স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বন্যা ও অস্বাস্থ্যকর পরিবেশে
নভেম্বরের শুরুতে বৃষ্টিতে ৫৮টি আশ্রয়কেন্দ্রে বর্জ্যমিশ্রিত পানি জমে যায়। পরে বিশেষ পানি অপসারণকারী গাড়ির মাধ্যমে তা সরানো হয়। গাজা সিটির পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালের ভূগর্ভস্থ তলায় পানি ঢুকে পড়ে। সেখানে শিশু বিভাগ, ওষুধের দোকান ও রেডিওলজি সেবা চালু ছিল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেক রোগী ও স্বাস্থ্যকর্মী ক্লিনিকে পৌঁছাতে পারেননি।
ঘিঞ্জি তাঁবুতে বসবাস এবং পরিচ্ছন্ন পানির অভাব সংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। গাজা সিটির রানতিসি শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ শরিফ মাতার আল জাজিরাকে জানান, অনেক পরিবার এমন পরিবেশে বসবাস করছে, যেখানে ন্যূনতম পরিচ্ছন্নতা বজায় রাখার মতো পানিও নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে গাজায় ৬৯২ জন সন্দেহভাজন মেনিনজাইটিস রোগী শনাক্ত হয়েছেন, যাঁদের বেশির ভাগই এক বছরের কম বয়সী শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর এ নিয়ে মহামারি সতর্কতা জারি করে। সাধারণত মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হলেও অক্টোবরে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২ জনে দাঁড়ায়।
পর্যাপ্ত আশ্রয়সামগ্রী পৌঁছাচ্ছে না কেন
জাতিসংঘের মানবিক সহায়তা দল ১৩ নভেম্বর জানায়, বিভিন্ন সংস্থা ও সরকারের কেনা দেড় লাখের বেশি তাঁবু গাজার বাইরে আটকে রয়েছে। এর বেশির ভাগই মিসরের এল আরিশ শহরে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিধিনিষেধের কারণে তাঁবু ও তাঁবু স্থাপনের সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না।
মিসর থেকে আসা ত্রাণ সরাসরি রাফা সীমান্ত দিয়ে প্রবেশ না করে তল্লাশির জন্য কারেম আবু সালেম সীমান্ত দিয়ে পাঠানো হচ্ছে। এ ছাড়া আশ্রয়সামগ্রীর কিছু উপকরণকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য হিসেবে চিহ্নিত করায় ত্রাণ প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।
ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট দাবি করেছে, তাদের শীতকালীন কর্মসূচির আওতায় প্রায় এক লাখ তাঁবু গাজায় প্রবেশ করেছে। আরও ৬৭ হাজারের বেশি তাঁবু ও শীতকালীন সামগ্রী প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এনআরসি জানিয়েছে, গাজার ভেতরে ত্রাণ সংস্থাগুলোর হাতে সাড়ে ছয় হাজারেরও কম তাঁবু রয়েছে।
ত্রাণ সংকট ও বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সামগ্রীর দামও বেড়ে গেছে। এনআরসির তথ্য অনুযায়ী, ছয় সদস্যের একটি পরিবারের শীতের প্রয়োজনীয় সামগ্রী কিনতে ছয় হাজার ডলারের বেশি খরচ হচ্ছে। অথচ বিদেশ থেকে ত্রাণ সংস্থাগুলো কিনলে এর খরচ প্রায় ৭০০ ডলার। শীতকালীন জরুরি আশ্রয় সহায়তার জন্য প্রয়োজন ২৮ কোটি ৩০ লাখ ডলার। কিন্তু দাতারা এর মাত্র ৩৫ শতাংশ অর্থায়ন করেছেন।
খান ইউনিসের আল মাওয়াসি এলাকার বাসিন্দা ফাদি ওয়াফি জানান, গত ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় তাঁর নাম থাকলেও তিনি এখনো কোনো আশ্রয়সামগ্রী পাননি। পাঁচ সদস্যের পরিবারের জন্য তাঁর কাছে রয়েছে মাত্র দুটি তোশক ও দুটি কম্বল।
পরবর্তী ঝড় মোকাবিলায় প্রস্তুতি
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার সতর্ক করেছে, কয়েক দিনের মধ্যে নতুন ঝড় আসতে পারে। ত্রাণকর্মীরা নালা পরিষ্কার, আশ্রয়কেন্দ্র শক্তিশালী করা ও বন্যা প্রতিরোধী বাঁধ নির্মাণের কাজ করছেন। তবে ওসিএইচএ ২০ নভেম্বর জানায়, চিহ্নিত ৩৫৬টি বন্যাপ্রবণ এলাকার মধ্যে মাত্র ১৬২টিতে এ ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আইওএম সোমবার জানিয়েছে, প্রায় ১ হাজার ২০০ পরিবারের জন্য টেকসই জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণে ইসরায়েল প্রায় ৭০ হাজার কাঠ ও ১ হাজার ২০০টির বেশি যন্ত্রপাতির বাক্স প্রবেশের অনুমোদন দিয়েছে। কোগাট পাম্প ও জেনারেটর প্রবেশের অনুমোদনের পাশাপাশি শেখ ইজলিন ও শেখ রাদওয়ান পয়োনিষ্কাশন কেন্দ্রের আংশিক মেরামতের অনুমতিও দিয়েছে। তবে এসব সরঞ্জাম গাজায় পৌঁছেছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
কোগাট জানিয়েছে, হামাস পুরোপুরি অস্ত্র না ছাড়া পর্যন্ত পুনর্গঠনের সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে গাজার পৌরসভাগুলো পাম্প, বিকল্প জেনারেটর ও জ্বালানি সরবরাহের জন্য আবেদন জানিয়ে যাচ্ছে।
গাজায় বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর কাছে নতুন ঝড় মানেই আবার আশ্রয় হারানোর আশঙ্কা। ওম হানি হামুদার পরিবার এ পর্যন্ত প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হয়েছে। আল জাজিরাকে তিনি জানান, আল জাওয়ায়দায় তাঁদের তাঁবু প্লাবিত হওয়ার পর তাঁরা চান তাঁবুর পরিবর্তে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ ঘর দেওয়া হোক। তাঁর মতে, সাধারণ একটি ক্যারাভ্যানও বর্তমান তাঁবুর চেয়ে ভালো আশ্রয় হতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।