ইনানীতে গ্যাসের নলকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ জন দগ্ধ
আগুন নেভানোর দুই দিন পর খননকাজের সময় বিস্ফোরণ; তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৪:৩১:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৪:৩১:০৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
কক্সবাজারের ইনানীতে গ্যাস উদ্গিরণ হওয়া নলকূপের স্থানে খননকাজ চালানোর সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৭ নভেম্বর আগুন পুরোপুরি নেভানোর পর সেখানে জরিপসহ অন্যান্য কাজ চলছিল। রোববারও কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিস রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। টানা এক মাসের চেষ্টায় গত ২৭ নভেম্বর আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। পরে সেখানে এক হাজার ফুট গভীরে খননকাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাপেক্সের কর্মকর্তারা জানান, খনন ও নিয়ন্ত্রণ কার্যক্রম শেষে সেখানে ভূ-তাত্ত্বিক ও সিসমিক জরিপ চালানো হবে। জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় গ্যাসের মজুত ও পরবর্তী অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।