ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

ঢাকার নদীতীরে ১০০ মিটারজুড়ে নতুন স্থাপনা বন্ধ, গড়ার পরিকল্পনা সবুজ বলয়

নদীর সীমানা পিলার থেকে ১০০ মিটার পর্যন্ত নির্মাণ অনুমোদন বন্ধের সিদ্ধান্ত; পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৩৮:৩৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ঢাকার নদীতীরে ১০০ মিটারজুড়ে নতুন স্থাপনা বন্ধ, গড়ার পরিকল্পনা সবুজ বলয় ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশের নদ-নদীর দুই তীরের ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীদূষণ ও দখল রোধ, নাব্যতা সংরক্ষণ এবং প্রস্তাবিত ইনার সার্কুলার রোড ও বৃত্তাকার নৌপথ নির্মাণের বিষয় বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীতীর ঘিরে সবুজ ও জলভিত্তিক পরিবেশগত নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার চারপাশের নদ-নদী, খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং বৃত্তাকার নৌপথ উন্নয়নসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভায় এ সিদ্ধান্ত হয়। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নির্মাণ অনুমোদন বন্ধের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এটি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বাসস।


নদীর কোন স্থান থেকে ১০০ মিটার দূরত্ব হিসাব করা হবে, সে বিষয়ে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বাসসকে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) স্থাপন করা সীমানা পিলার থেকে এই দূরত্ব পরিমাপ করা হবে।


তিনি বলেন, নদীতীরের রক্ষণাবেক্ষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটিএর দায়িত্বের মধ্যে পড়ে। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং বিআইডব্লিউটিএ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা চূড়ান্ত করতে শিগগিরই আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।


বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার জানান, ১৯৫০ সালের আইন অনুযায়ী এত দিন নদীর সীমানা থেকে ৫০ মিটার পর্যন্ত এলাকা সংরক্ষিত ছিল। ওই এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করতে হলে বিআইডব্লিউটিএর অনুমতি নেওয়ার বিধান ছিল। নতুন সিদ্ধান্তে সংরক্ষিত এলাকার পরিধি বাড়িয়ে ১০০ মিটার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারির পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।


নগর পরিকল্পনাবিদদের মতে, সিদ্ধান্তটি কার্যকর হলে ঢাকার ‘গ্রিন-ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এ ব্যবস্থায় নগরের পার্ক ও বনাঞ্চলের মতো সবুজ এলাকার সঙ্গে নদী, খাল ও জলাধারকে পরিবেশগতভাবে সংযুক্ত করা হয়। এর ফলে শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা কমানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধের উদ্যোগ আরও আগে নেওয়া প্রয়োজন ছিল। নদীর তীরবর্তী এলাকায় অবকাঠামো গড়ে উঠলে বর্ষায় পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হয়, যা নগরে জলাবদ্ধতা বাড়াতে পারে।


নদীর দুই পাশে সীমানা নির্ধারণ করে সেখানে সবুজ বেষ্টনী ও জনসাধারণের চলাচলের উপযোগী পরিসর তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। এতে মানুষ নদীর পাড়ে হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ পাবেন। খাল-নদী সংস্কার এবং বৃক্ষরোপণ নিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।


সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)। সংগঠনটির সদস্যসচিব শরীফ জামিলের মতে, নদীর গুরুত্ব ও দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরতে এ সিদ্ধান্ত একটি ইতিবাচক বার্তা দেবে। তবে নদীদখল ও দূষণ পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি।


বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন অবকাঠামোর অনুমোদন বন্ধ করলেই নদী ও জলাভূমি সংরক্ষণ নিশ্চিত হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ ও মৌসুমি পরিবর্তন বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সীমানা নির্ধারণ, নিয়মিত নজরদারি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এসব ব্যবস্থা নিশ্চিত করা গেলে ঢাকার নদী ও জলাভূমি রক্ষায় উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।