আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত তিন সদস্যের চিকিৎসার খোঁজ নেন তিনি
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৪:৫৭:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৪:৫৭:০৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬ বার পঠিত
ছবি সংগৃহিত
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান তিনি। এ সময় আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশন রুম (অপস রুম) পরিদর্শন করেন। সেখানে তিনি কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাকে পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ছাড়া গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।