ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

প্রযুক্তির বিশ্বে এগিয়ে থাকতে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ উপদেষ্টা জবিউল্লাহর

এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর আহ্বান; শিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব জনপ্রশাসন উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৩:৩৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৩:৩৭:৪১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
প্রযুক্তির বিশ্বে এগিয়ে থাকতে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ উপদেষ্টা জবিউল্লাহর ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে মেধাবীদের চিহ্নিত করে তাঁদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মানবসম্পদ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্সের (এফবিএইচআরও) আয়োজনে ‘অষ্টম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’।


ইসমাইল জবিউল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থা উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য এবং জনপ্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তন আনছে। প্রযুক্তি অগ্রগতির গতি বাড়ালেও প্রকৃত উন্নয়নের মূল শক্তি মানুষ। তাই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানুষের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা উন্নয়নেও বিনিয়োগ করতে হবে।


দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এ হার প্রায় ২৫ শতাংশ। এ সমস্যা মোকাবিলায় শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণ কার্যক্রমকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।


জনপ্রশাসন উপদেষ্টা বলেন, শুধু স্নাতকের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়; তরুণদের কর্মসংস্থান উপযোগী, উৎপাদনশীল ও উদ্ভাবনী দক্ষতায় গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে তিনি নির্বাচনী ইশতেহারে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। মানবসম্পদ উন্নয়নে এ বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


ইসরায়েল ও জার্মানির উদাহরণ দিয়ে তিনি বলেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি, কারিগরি শিক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারেন।


দেশের উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে স্বয়ংক্রিয় ব্যবস্থা, স্মার্ট উৎপাদনপ্রযুক্তি, ডিজিটাল সরবরাহব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মান নিয়ন্ত্রণ চালু করা গেলে উৎপাদনশীলতা বাড়বে। পাশাপাশি সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, বিজনেস প্রসেস আউটসোর্সিং এবং এআইভিত্তিক সেবায় দেশের সক্ষমতা বাড়াতে হবে।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে শুধু কর্মী পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দক্ষ পেশাজীবী তৈরি, প্রযুক্তিসেবা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে গ্রামীণ তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।


মানবসম্পদ উন্নয়নে তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন ইসমাইল জবিউল্লাহ। এগুলো হলো—শিক্ষা ও কর্মক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা এবং প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো।


এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের উদাহরণ টেনে তিনি বলেন, মেধা, দক্ষতা ও দূরদর্শিতা একজন মানুষকে একটি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দিতে পারে। তাই যোগ্য কর্মী খুঁজে বের করা, তাঁদের দক্ষতা বাড়ানো এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী কর্মপরিবেশ তৈরি করা মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম দায়িত্ব।


তিনি বলেন, অর্থনীতির বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগকে সড়ক, বন্দর ও বিদ্যুৎ অবকাঠামোর বিনিয়োগের সমান গুরুত্ব দিতে হবে। এমন বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দেন তিনি, যেখানে প্রত্যেক তরুণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, কর্মীরা কর্মজীবনে নতুন দক্ষতা শিখতে পারবেন এবং প্রতিষ্ঠানগুলো উদ্ভাবন ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।