শীতের শুরুতেই জবই বিলে অতিথি পাখির আনাগোনা
গত বছরের তুলনায় এবার বেশি পাখির উপস্থিতি; সংরক্ষণে সচেতনতা ও সহযোগিতার আহ্বান পরিবেশকর্মীদের।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৪:৩৬:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৪:৩৬:০৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬ বার পঠিত
ছবি সংগৃহিত
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে শীতের শুরুতেই আসতে শুরু করেছে দেশি-বিদেশি নানা প্রজাতির অতিথি পাখি। গত বছরের তুলনায় এ বছর বিলে পাখির আগমন ও বিচরণ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মী ও পাখিপ্রেমীরা। বিভিন্ন প্রজাতির হাঁস, সরালি ও অন্যান্য জলচর পাখির উপস্থিতিতে বিলজুড়ে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ওই বছর বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখির আগমন ঘটেছিল। চলতি বছর এর চেয়ে বেশি প্রজাতির ও সংখ্যার পাখির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও স্থানীয় পরিবেশকর্মী শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, গত বছরের তুলনায় এবার বিলে হাঁসজাতীয় পাখির সংখ্যা বেড়েছে। পাখি সংরক্ষণ ও শিকার বন্ধে সংস্থাটি এবং সাপাহার উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ মনে করেন, পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। পাখি শিকার বন্ধেও সবাইকে এগিয়ে আসতে হবে।
বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির বৈচিত্র উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের আগমন প্রত্যাশা করছেন স্থানীয় পরিবেশকর্মীরা। একই সঙ্গে জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসন, পরিবেশকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা। পাখিপ্রেমীদের প্রতি তাঁদের আহ্বান, পাখি দেখুন, ছবি তুলুন, পাখি শিকার থেকে বিরত থাকুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।