ধানমন্ডিতে জনসম্মুখে ছিনতাই, ট্রাফিক পুলিশের সামনে দিয়েই পালাল ছিনতাইকারী
- আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডিতে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জনসম্মুখে। চাপাতি হাতে এক দুর্বৃত্ত এক যুবককে ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এরপর নির্বিঘ্নে ট্রাফিক পুলিশের পাশ দিয়ে রাস্তা পার হয়ে চলে যায়। পুরো ঘটনার ভিডিও ধরা পড়ে আশপাশের সিসিটিভি ক্যামেরায়, যা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১২টার কিছু পর ধানমন্ডির কলাবাগান বাস স্টপেজের কাছে। ভিডিওতে দেখা যায়, এক ছিনতাইকারী বাম হাতে চাপাতি ধরে এক যুবককে আক্রমণের ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। আশপাশে উপস্থিত লোকজন দৃশ্যটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। ছিনতাই শেষে ওই ব্যক্তি নিশ্চিন্তে ট্রাফিক পুলিশের তিন সদস্যের পাশ দিয়ে হেঁটে চলে যায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা যুগান্তরকে বলেন, “ভিডিওটি দেখার পর আমরা ঘটনাস্থল শনাক্ত করেছি। এটি ধানমন্ডি থানার অন্তর্গত কলাবাগান বাস স্টপেজের কাছে। এখনো ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি, তবে আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি।”
তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।