ঝিনাইদহে বিএনপির দলীয় ব্যানারে পুলিশ ওসির উপস্থিতি
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শোভাযাত্রায় থানার ওসির ইউনিফর্মসহ অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:২৫:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:২৬:১০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় পুলিশের পোশাক পরিহিত একজন কর্মকর্তার উপস্থিতি ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ওই কর্মকর্তাকে বিএনপির ব্যানার ধরে সামনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার।
ছবিতে দেখা যায়, ৭ নভেম্বর ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিহিত ওই কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সমালোচকদের অভিযোগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (পরাজিত) রাশেদ খাঁনের রাজনৈতিক কর্মসূচিতে একজন পুলিশ কর্মকর্তার এমন উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। কেউ কেউ এটিকে প্রশাসনকে দলীয়করণের অপচেষ্টা হিসেবেও দেখছেন।
প্রশ্ন উঠেছে, জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় প্রশাসনের একজন কর্মকর্তা কীভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পারেন? পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব হচ্ছে দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা। সেখানে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কী বার্তা দিচ্ছে?
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। একইভাবে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। ফলে ছবিতে দেখা ঘটনার প্রেক্ষাপট ও ওই কর্মকর্তার ভূমিকা যথাযথভাবে যাচাই করে দেখা প্রয়োজন।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ ও প্রশাসন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং জনগণের সেবক। তাই এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি উঠেছে।
এখন দেখার বিষয়, এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসন কী ব্যাখ্যা দেয় এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।