যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চাপে পড়তে পারে মোদির ভারত
বাণিজ্য, অভিবাসন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে বাড়তে পারে ওয়াশিংটনের নজরদারি
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৬:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৬:৩২ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ১৩ বার পঠিত
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি, অভিবাসননীতি, বাণিজ্য এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের নজরদারি বাড়তে পারে। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পেলেই যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে তাৎক্ষণিক পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তা নেই।
৬ নভেম্বর প্রকাশিত দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এসব বিষয় তুলে ধরেছেন লেখক রুশালি সাহা। নিবন্ধে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ভারতের সংবাদমাধ্যমে বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখেছেন। তাঁদের ধারণা, এর ফলে মার্কিন প্রশাসনের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাড়বে এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি কিছুটা বাড়তি সুযোগ পেতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মনোভাবকে ‘সতর্ক আশাবাদী’ হিসেবে উল্লেখ করে নিবন্ধে বলা হয়েছে, অভিবাসন, বাণিজ্য ও জ্বালানির মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিবন্ধ অনুযায়ী, মাইক্রোসফট, ইনফোসিস, টিসিএস, উইপ্রো ও এইচসিএলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য কর্মসংস্থানভিত্তিক পার্ম (PERM) আবেদন স্থগিত থাকায় এইচ-১বি ভিসাধারীদের গ্রিন কার্ড পাওয়ার পথ বাধাগ্রস্ত হয়েছে। ডেমোক্র্যাটরা সাধারণত বৈধ অভিবাসনের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদের নির্বাচনী সাফল্য মার্কিন ভারতীয় অভিবাসীদের জন্য ইতিবাচক হতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
তবে বর্তমান ভারত সরকারের জন্য পরিস্থিতি ভিন্ন হতে পারে। নিবন্ধে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে তুলনামূলকভাবে কম সমালোচনা করলেও ডেমোক্র্যাট দলের অনেক নেতা এ বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতারাও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ষষ্ঠবারের মতো নির্বাচিত প্রমিলা জয়াপাল ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে সমালোচনা করেছেন। নিবন্ধে তাঁর বক্তব্যের বরাতে বলা হয়েছে, ভারতের ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষকে বাদ দেওয়ার আশঙ্কা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। গত ১৬ অক্টোবর ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতার সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠিও দেন। ভারত সফরের সময় দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানানো হয়েছিল ওই চিঠিতে।
বিশ্লেষণে বলা হয়েছে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাড়াতে পারে। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার কারণে কংগ্রেসের ক্ষমতা প্রয়োগে সীমাবদ্ধতা থাকবে। কোনো বিল পাস হলেও প্রেসিডেন্ট ভেটো দিলে তা অতিক্রম করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। নিবন্ধে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের পক্ষে এ ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হতে পারে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং রুশ জ্বালানি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ কংগ্রেসের নজরদারির গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দুই দলের আইনপ্রণেতাদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে লেখক বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন তৈরি হলে ভারত চাপের মুখে পড়তে পারে। কারণ, এতে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা ভারতের জন্য ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। কোয়াডের অংশীদার হিসেবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর অবস্থানের সমালোচনা করার চাপও নয়াদিল্লির ওপর বাড়তে পারে।
এদিকে ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে। নিবন্ধে বলা হয়েছে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে অনিশ্চয়তা রয়েছে। কংগ্রেসে বিরোধী দলের নিয়ন্ত্রণ থাকলে অভ্যন্তরীণ আইনপ্রণয়নে ট্রাম্পের বাধার মুখে পড়ার আশঙ্কা বাড়তে পারে। সে ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রবণতাও বাড়তে পারে বলে বিশ্লেষণে ধারণা দেওয়া হয়েছে।
তবে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সব সম্ভাবনাই নেতিবাচক নয়। নিবন্ধে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক শুধু হোয়াইট হাউসনির্ভর নয়; মার্কিন কংগ্রেসের বিভিন্ন প্রভাবশালী আইনপ্রণেতার সঙ্গে ভারতের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকসের মতো প্রভাবশালী আইনপ্রণেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
লেখক মনে করেন, ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতির নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক হবে না। বরং বাণিজ্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসের দায়িত্ব গ্রহণ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করাই নয়াদিল্লির জন্য সতর্ক কৌশল হতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।