গাজায় ত্রাণ প্রবেশে বাধার নিন্দা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
শীতকালীন বৃষ্টি ও বন্যায় গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বেড়েছে। ত্রাণ সরবরাহে বিধিনিষেধ অব্যাহত রাখায় ইসরাইলের সমালোচনা করেছেন শাহবাজ শরিফ।
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৪২:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৪২:০৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৩ বার পঠিত
ছবি—সংগৃহীত
গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শীতকালীন বৃষ্টি ও বন্যায় অবরুদ্ধ উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে ওঠার প্রেক্ষাপটে তিনি এ নিন্দা জানান।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, বৃষ্টির পানিতে তাঁবু ডুবে যাওয়া এবং আশ্রয়হীন গাজার শিশুদের অনাহার ও তীব্র শীতের মধ্যে দিন কাটানোর হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে। তিনি যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত আগ্রাসনেরও তীব্র নিন্দা জানান।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়ের জন্য তাঁবু ও মোবাইল হোমসহ পূর্ণমাত্রায় মানবিক সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে দেশটি এখনো ত্রাণ সরবরাহে বিধিনিষেধ বজায় রেখেছে। ফলে শীতকালীন বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে ভারী বৃষ্টির পর ভূমিধসে গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় বিশ্ববাসীর উদাসীনতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, এই ঘটনা মানবতার বিবেককে লজ্জিত করার মতো। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ওপর চাপিয়ে দেওয়া পরিস্থিতির ভয়াবহতাও এতে প্রকাশ পেয়েছে।
গত রোববার (৮ নভেম্বর) গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে একটি তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে হতাহতের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) অবরুদ্ধ গাজায় বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়ে।
ইসরাইলি সামরিক বাহিনীর বিধিনিষেধের কারণে গাজায় উন্নত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জামের সংকট রয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের খালি হাতে মাটি ও বালু সরাতে হয়েছে।
দেইর আল-বালাহ থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, নিহত ব্যক্তিরা খোলা জায়গায় দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন। ভারী বৃষ্টি থেকে নিজেদের রক্ষার মতো কোনো ব্যবস্থা তাঁদের ছিল না। তিনি বলেন, বালুর বাঁধ ধসে পড়ার সময় তাঁদের পালিয়ে যাওয়া বা নিজেদের রক্ষার কোনো সুযোগ ছিল না। এ ঘটনা গাজার মানুষের কঠিন জীবনযাপনের বাস্তবতা তুলে ধরেছে।
চলতি সপ্তাহে ঝড়ের সময় গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজায় পাঁচ লাখের বেশি শিশু বর্তমানে সংকটাপন্ন বা বিপর্যয়কর আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।
এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, এক বছরেরও বেশি আগে ঘোষিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে আরও টেকসই আশ্রয় হিসেবে ক্যারাভ্যান প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ বারবার গাজায় এসব ক্যারাভ্যান প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশুকে আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।