সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ
ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
- আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:৪৩:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:৪৩:০৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
ছবি সংগৃহীত
ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। তাঁর অবস্থান পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করার পাশাপাশি আইনগত ভিত্তি না থাকলে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার রাতে পৃথক বিবৃতিতে এ উদ্বেগ ও দাবি জানানো হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া উচিত। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।
ডিআরইউ নেতারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় এ ধরনের ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তাঁরা রাজীব ঘোষের অবস্থান অবিলম্বে তাঁর পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করার এবং আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।
অন্যদিকে, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ তাঁদের বিবৃতিতে একই দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
যেভাবে ডিবি কার্যালয়ে নেওয়া হয় রাজীবকে
এর আগে বুধবার রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজ কার্যালয় এলাকা থেকে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার সময় একই প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও সঙ্গে নেওয়া হয়। তবে রাজীবকে কী কারণে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিকেল সাড়ে তিনটার দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাঁর সঙ্গে আরও একজনকে আনা হয়েছে এবং তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট সম্পাদক মুক্তাদীর অনিক প্রথম আলোকে বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার সময় তাঁকে ডিবির গাড়িতে দেখেছেন। অন্যদিকে, রাজীব ঘোষকে নেওয়ার সময় ডিবি সদস্যরা জানিয়েছিলেন, তাঁকে চা খাওয়ার জন্য নেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।