ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজিরায় পেলেন সময়
বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে ২৩ নভেম্বর হাজিরা
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৯:২৮:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৯:২৮:৫০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
সংগৃহীত ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্ধারিত দিনে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর আইনজীবীদের করা সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফুয়াদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।
পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। এ কারণে নির্ধারিত দিনে আদালতে হাজির হতে না পারায় তাঁর পক্ষে সময় চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করেছেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁকে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছিলেন, এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, সেখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’।
প্রসিকিউটর আরও জানান, ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর বিষয়টি স্বপ্রণোদিতভাবে আমলে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করে বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে অসুস্থতার কারণে নির্ধারিত দিনে হাজির হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন এবি পার্টির এই নেতা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।