দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা
৫০ লাখ টাকা দেনমোহর ও বকেয়া ভরণপোষণসহ ৭০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা দাবি
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৯:৫৪:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৯:৫৪:৫৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
সংগৃহীত ছবি
এক কোটি টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রী-সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেছেন তার স্ত্রী। মামলায় ৫০ লাখ টাকা দেনমোহর এবং স্ত্রী ও দুই সন্তানের বকেয়া ভরণপোষণ বাবদ ২০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকাসহ মোট ৭০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা আদায়ের আবেদন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকার জজ কোর্টের পারিবারিক আদালত-২-এ মামলাটি দায়ের করেন মোসা. রোজিনা সুলতানা। অভিযুক্ত শিক্ষক ড. এ বি এম শাহাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান। তার স্ত্রী রোজিনা সুলতানা এক্সিম ব্যাংক পিএলসির জুনিয়র অফিসার।
মামলার আরজিতে বলা হয়েছে, সাভারের একই এলাকায় বসবাসের সূত্রে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় ২০২০ সালের ১৬ অক্টোবর তাদের বিয়ে হয়। পরবর্তী সময়ে স্বামীর আগের বিয়ে ও তালাকের তথ্য গোপনসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একাধিকবার বিয়ে ও তালাকের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২২ সালের ১৫ আগস্ট ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
আরজিতে অভিযোগ করা হয়, বিয়ের পর ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন স্বামী। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে সংসারের খরচ ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে তিনি স্ত্রীর ভাড়া বাসা থেকে চলে যান। পরে স্ত্রীকে তালাকের নোটিশ পাঠানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার হিসাব অনুযায়ী, গত চার বছর দুই মাসে স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণে মোট ২৭ লাখ ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর বিপরীতে স্বামী বিভিন্ন সময়ে পরিশোধ করেছেন ৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। ফলে ভরণপোষণ বাবদ ২০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা বকেয়া রয়েছে বলে আরজিতে দাবি করা হয়েছে।
এ অবস্থায় কাবিননামা অনুযায়ী ৫০ লাখ টাকা দেনমোহর এবং বকেয়া ভরণপোষণের অর্থ আদায়ের পাশাপাশি ইদ্দতকালীন ও ভবিষ্যৎ ভরণপোষণও চেয়েছেন বাদী।
রোজিনা সুলতানা বলেন, যৌতুক ও নির্যাতনের অভিযোগে এখনো কোনো মামলা করেননি তিনি। সন্তানদের ভরণপোষণ এবং প্রাপ্য দেনমোহরের টাকা আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ড. এ বি এম শাহাদাত হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, এ ধরনের একটি অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছে। বিষয়টি আইনি হওয়ায় সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তার মতামত পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।