জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সামলাতে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। বুধবার ২৩ সেপ্টেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব রুটে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পরিবহণ খাতের ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে নতুন ভাড়ার এই হার নির্ধারণ করেছে সরকার।