ফাতেহা-ই-ইয়াজদাহমে বুধবার ছুটি, বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
২৩ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ, সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:২৮:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:২৮:৪৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
ছবি সংগৃহিত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দিবসটি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ে ছুটি কার্যকর হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী। সাধারণত ছুটি থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকেই নোটিশ দিয়ে থাকে।
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফকে বোঝায়। হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়।
বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে এটি পালন করা হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানিতে তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দিবসটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর